অনলাইন বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬

অসুস্থ স্বামীকে রেখে গেলেন অফিস, ফিরে রক্তাক্ত মরদেহ:বোন ও ভগ্নিপতি আটক

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ স্বামী ফরহাদকে বাসায় রেখে বুধবার কর্মস্থলে যান তার স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি চিলেকোঠার ঘরের মেঝেতে স্বামীর রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে খাবারসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন।

নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতুর অভিযোগ, নানার সূত্রে পাওয়া ওই বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগেও তাকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।