সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।
স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আছেন। বারের অনেক সদস্যও এখানে রয়েছেন। আমরা আশা করেছিলাম, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করছি।’
সাম্প্রতিক সময়ে যুবদল নেতা রবিউল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে রবিউল ইসলামের উপস্থিত থাকার বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল।