সাংবাদিক Sultana Rahman কে কামান দাগানো শেষ হয়েছে? এবার দয়া করে থামুন। আপনারা হয়ত জানেন শেখ হাসিনা ফেসবুক ব্রাউজ না করলেও তাঁর কাছে সব খবর থাকে। দেশের কোন অজপাড়াগাঁয়ে কোন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হলেন, নির্যাতিত হলেন, তিনি সব খবর রাখেন।
একজন সাংবাদিকের এথিক্স, পরিধি, পেশাদারিত্ব এসব নিয়ে বিস্তারিত আলাপে যাব না। শধু এতটুকু মনে করাব যে প্রকৃত সাংবাদিক কখনও দলীয় গন্ডিতে আবদ্ধ থাকতে পারে না। যখন বলা হয় অমুক বিএনপিপন্থী সাংবাদিক, তার মানে তিনি বিএনপি করেন, এমন নয়। তিনি বিএনপি সমর্থন করেন।
সুলতানার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ। পরিবারের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ। তার মানে এই নয় যে সুলতানাকে পেশায়ও লীগ করতে হবে। সে কারণে কোনও দল না করা সুলতানা ২৪-এর আগে-পরে আওয়ামী লীগের, শেখ হাসিনার বিপক্ষে বলতেই পারেন (দয়া করে আব্দুন নুর তুষারের স্ক্রিনশট দেখাবেন না)।
শুধু সুলতানা কেন? আমরা যারা দল করি না, তারা নিয়মিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। বিশেষ করে ২০১৩ সালে 'হেফাজতিকরণের' পর। আমার সমালোচনা কখনও সীমা অতিক্রম করেনি কারণ, আমি জানি রাজনীতি ছাপিয়ে কর্পোরেট হয়ে ওঠার দোষ থাকার পরও মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষের দলগুলোর মধ্যে বড় দল আওয়ামী লীগ। ঘুষ-দুর্নীতি-অর্থ পাচার-স্বজনপ্রীতি-ক্যাডার পালন এসব বুর্জোয়ার রাজনীতির 'রাজতিলক'! সব দলেরই আছে।
তাহলে কি আমাদের সবার 'আমলনামা' টেনে বের করে 'লালবদর' ট্যাগ দেবেন? দিন। সমস্যা নেই। তার আগে কয়েকটা প্রশ্নে উত্তর দিয়ে নেবেন আশা করি।
১। শাহবাগ মুভমেন্টের পর একটার পর একটা কবি-লেখক-অধ্যাপক-নাট্যকর্মী খু/ন হওয়ার পর কী নেত্রীকে প্রশ্ন করেছিলেন-কেন তিনি বললেন, 'আমার ধর্ম নিয়ে কটাক্ষ বরদাশত করব না?'
২। কেন তাঁর পুলিশের কাছে প্রটেকশন চাইলে বলা হতো-'দেশ ছাইড়া চইলা যান?'
৩। কেন পরীক্ষিত লীগ সমর্থকদের লীগ আমলেই দেশ ছাড়তে হয়েছিল?
৪। কেন হেফাজতের ১৩ দফার ১০ দফা মেনে নিয়ে পাঠ্যবইয়ের সংস্কার করা হয়েছিল?
৫। কেন দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমর্যাদা দিয়ে প্রাপ্ত গড় নম্বর বিবেচনায় ভর্তি পরীক্ষায় মাদরাসা ছাত্রদের পঙ্গপালের মত বিশ্ববিদ্যালয়গুলো ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছিল?
৬। কেন জেনেশুনে 'শাপলা মহাসম্মেলন' ঘটতে দেওয়া হয়েছিল? যেটা ছিল মৌলবাদী রাজনীতির 'কিকার'। ওই কিক-এর পরই তারা বুঝতে পারে-They have the power to attain state power.
৭। কেন ঐতিহ্যবাহী দলটির ৭০ ভাগ নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের দূরে ঠেলে আমলা-অবঃ সেনা-মাফিয়া বিজনেসম্যান আর বসন্তের কোকিলদের কোলে টেনে নিয়ে দলটাকে রাজনৈতিকভাবে দেউলিয়া করা হয়েছিল?
৮। কেন ভারত-রাশিয়া থেকে বারংবার সাবধান করার পরও বিশেষ পদে বিশেষ নিয়োগ দেওয়া বন্ধ হয়নি?
৯। নেত্রীর সবচেয়ে কাছের মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড মৌলবাদী-রাজাকার জেনেও কেন তাদের হাতে বিশাল ক্ষমতা দেওয়া হয়েছিল?
১০। কেন তোফায়েল, আমু, কাজী জাফর প্রমুখের মত প্রাজ্ঞদের দূরে ঠেলে দলটা ক্রমশ কর্পোরেট বডি হয়ে কয়েকজন মাফিয়ার খপ্পরে চলে গিয়েছিল, যারা ২০১৭ সাল থেকে চলা ষড়যন্ত্র সম্পর্কে নেত্রীকে সাবধান তো করেইনি বরং তৃণমূল আর শীর্ষের মধ্যকার বিভাজনকে বড় করেছে?
এই প্রশ্নগুলো আপনারা করেননি। করতে পারেননি কারণ, দলীয় পরিচয়ে এসব বলা যায় না। আমরা পারি। আমরা সাংবাদিক-লেখকরা বলতে পারি। বলেছিও।
সেই বলা কথাগুলো কেউ ঝাঁঝাঁলোভাবে বলেছে, কেউ সাংবাদিকতার ভাষায় বলেছে। এখন আপনি নিবেদিতপ্রাণ দলীয় কর্মী হয়ে যদি সেইসব স্ক্রিনশট খুঁজে এনে সাংবাদিককে লালবদর বলেন তাহলে বলতেই হবে যে নিজেদের পায়ে কুড়ুল মারছেন।
আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না গত ১৭/১৮ বছর দলের বিরুদ্ধে আপনি একটি শব্দও বলেননি।
যা হোক, সুলতানার বিরুদ্ধে একতরফা কনফ্রন্টেশন শেষ হলে সৎ সাহস নিয়ে সরাসরি নেত্রীকে জিজ্ঞেস করুন, কেন তিনি 'লালবদর'কে সাক্ষাৎ দিলেন? দাঁড়ান দাঁড়ান, আপনাদের আরও একটা তথ্য দিই- যেদিন নেত্রী সুলতানাকে সাক্ষাৎকার দিলেন, সেই দিনই সুলতানা 'বিপুল টক'-এ কথা বলেছিলেন। এই শো-টা আধ ঘন্টা ডিলে হয়েছিল কেন জানেন? ওই সময় নেত্রী আবারও সুলতানাকে ফোন করেছিলেন। সেটা ছিল একান্ত ব্যক্তিগত আলাপচারিতা।
আরেকটা কথাঃ আপনারা একজন ব্যক্তি নিয়ে হুলস্তুল না তুলে সাক্ষাৎকারটা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারতেন গত আড়াই বছর ধরে তিনি যত সাক্ষাৎকার, ফোনালাপ, মেইলে বক্তব্য দিয়েছেন, এটি তার মধ্যে ব্যতিক্রম। এত পরিমিত, সিলেক্টিভ, টু দ্য পয়েন্ট এবং কম কথায় অনেক বড় বড় মেসেজ দিয়েছেন। উচিৎ ছিল এই সাক্ষাৎকারটির ব্যাপক প্রচার করা। তা হো হলোই না, বরং মূল কথাগুলো চাপা পড়ে রইল।

Monjurul Haque
Shaugat Ali Sagor's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।