১৯ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘর্ষ হতে পারে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল বের করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এসব বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও তারা ক্ষুব্ধ হয়ে হামলা বা চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সার্বিক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজিকে (অপারেশনস) মাঠপর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।