আজ জাতীয় পরিসংখ্যান দিবস।
বিবিএস সূত্রে জানা গেছে, শ্রমশক্তি জরিপ পরিচালনার প্রকল্পে অর্থের সংকট দেখা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। নতুন করে জরিপ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তুত ও অনুমোদনের প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। ফলে চলতি বছরেও নতুন তথ্য সংগ্রহ শুরু না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কর্মসংস্থানের লক্ষ্য মূল্যায়নেও বাধা : শ্রমবাজারের হালনাগাদ তথ্য না থাকার বিষয়টি সরকারের কর্মসংস্থান পরিকল্পনার জন্যও গুরুত্বপূর্ণ। বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনি অঙ্গীকার ছিল, সরকারের প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি পরিমাপ করতে হলে শুরুতে দেশে কর্মসংস্থান ও বেকারত্বের অবস্থা কী ছিল, তার নির্ভরযোগ্য হিসাব প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি নতুন চাকরি তৈরি হয়েছে এবং কতজন চাকরি হারিয়েছেন, তারও হিসাব রাখতে হবে।
সিপিডির একটি উপস্থাপনায় বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৪৫ থেকে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্বের প্রকৃত চিত্র জানতে নিয়মিত শ্রমশক্তি জরিপ পরিচালনা করা অত্যন্ত জরুরি। হালনাগাদ তথ্য না থাকলে শ্রমবাজারে কী ধরনের পরিবর্তন হচ্ছে, কোন খাতে কর্মসংস্থান বাড়ছে বা কমছে, তা নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করেছে, তার অগ্রগতি পরিমাপের জন্যও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার প্রয়োজন।
শিক্ষিত বেকারত্বের চাপ : দেশে শিক্ষিত বেকারত্বের পরিস্থিতিও শ্রমবাজারের তথ্যের গুরুত্ব তুলে ধরে। ২০২৪ সালের শ্রমশক্তি জরিপে বেকার হিসেবে গণনা করা ২৬ লাখ ২৪ হাজার। যার মধ্যে প্রায় ৯ লাখ ছিলেন স্নাতক ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকদের বেকারত্বের হার ছিল সর্বোচ্চ। দীর্ঘ সময় ধরে চাকরি না পাওয়ায় তাদের কর্মজীবনের শুরুতেই পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
জরিপের তথ্য অনুযায়ী, চাকরি খুঁজতে থাকা স্নাতকদের একটি উল্লেখযোগ্য অংশকে দীর্ঘ সময় বেকার থাকতে হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতি তিনজনের একজন দুই বছর পর্যন্ত কর্মহীন ছিলেন। দীর্ঘদিন কাজ না পেলে শুধু আয় থেকে বঞ্চিত হওয়াই নয়, কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো বেতনের চাকরি পাওয়ার সুযোগও বাধাগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতিতে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কোন ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, কোন খাতে নতুন চাকরি তৈরি হচ্ছে এবং শিক্ষিত চাকরিপ্রার্থীদের কতজন দীর্ঘদিন কর্মহীন থাকছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। শ্রমশক্তি জরিপের ধারাবাহিকতা না থাকলে এসব বিষয়ে নীতিনির্ধারকদের কাছে সময়োপযোগী তথ্য থাকবে না।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত