পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী ছিলেন। আর্থিক সংকটের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে নিজেও নানা সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো এই দম্পতিকে।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তাদের অসহায়ত্বের সেই দৃশ্য ব্যাপকভাবে আলোচনায় আসে এবং অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।
তবে সহায়তা পাওয়ার পরও বার্ধক্য, অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই থামেনি এই দম্পতির। শেষ পর্যন্ত জীবনসঙ্গীকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়লেন বৃদ্ধ সাজু শেখ।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে বৃদ্ধ এই দম্পতিকে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে তাদের জন্য থাকার একটি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে। বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’