আগুনের পর যে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে
ঢাকা সিটি কর্পোরেশনের রবীন্দ্র গ্রাফিটিতে কালিমা লেপন ঘটনার পর থেকে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর ভবনে আগুন দেওয়া ও হামলার ঘটনাগুলো নিয়ে বারবার ভাবছি। কেন এই প্রতিষ্ঠানগুলো? কেন অন্য কোথাও নয়?
মনে হতে পারে জামাত, শিবির, সিপিবি, ছাত্র ইউনিয়নের ভাষা আলাদা। একদল দেখাচ্ছে মাওদুদির বই, আরেক দল লেনিনের বই। একদল বলছে ইনসাফ, আরেক দল বলছে সাম্য।
কিছুদিন আগে কণক রহমানের একটি পোস্টে জামাত, শিবির কর্মিরা যেভাবে হীন ভাষায় আক্রমণ করেছিল, চয়ন খায়রুল হাবিবের আরেকটি পোস্টে সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী এক্টিভিস্টগণ একই ভাষাতে আক্রমণ করেছে।
যেহেতু গ্রুপ রুলসের একটি কার্ডিনাল বিধান হচ্ছে, কন্ট্রিবিউটরকে শ্রদ্ধা দেখাতে হবে, অশ্লীল, ব্যাক্তিক আক্রমনের ভাষায় লেখা সেসব কমেন্ট এডমিন দেয়ালে আসতে দেয় নাই।
কণকের পোস্টটির শিরোনাম, “আপনাকে দেখে শিশু মনে ত্রাস হলে আপনাকে কি সন্ত্রাসী বলা যাবে না? ফ্রান্সে laïcité কেন এত গুরুত্বপূর্ণ?” চয়নের শিরোনাম, ‘’আমলাতান্ত্রিক-সমাজতন্ত্র এবং সমাজতন্ত্র এক প্রবর্তনা নয়: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যেভাবে সমাজতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ক্ষতি করেছে।’’
আমাদের গ্রুপের কেউ তাত্বিক নন। তত্ববাজদের আমরা পছন্দও করি না। কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মির্জা ফখরুল ইসলামদের সমালোচনা করে যখন একটি প্যাটার্নের সমালোচনা করা হয়, তা তত্বের জায়গা থেকে করা হয় না, তা করা হয় নিজেদের বাগান চর্চার আগাছা পরিস্কারের লক্ষে, নিঃশ্বাস নেবার পরিসরটুকু ধরে রাখতে।
জামাত, শিবির বাংলা ভাষা, বাংলাদেশের প্রাগ্রসর প্রতীকগুলো নিয়ে কি কি বিকৃতি ঘটাতে চায়, তা বহু কাল ধরে স্পষ্ট। সে কারণে মন্দের ভালো হিসেবে, সিপিবি, ছাত্র, ইউনিয়ন, উদীচী সে প্রতীকগুলোর ভালো অভিভাবক, সেটা ভাবা বাতুলতা।
৩,০০০ মানুষের একটি ছোট গ্রুপের সমালোচনা এরা এপ্রিশয়েট করতে পারছে না, জবরদস্তি তত্ব চাপিয়ে দিতে চাচ্ছে। পুরো দেশের শাসন ভার পেলে এরা কি করবে?
১৯৭১এর জেনোসাইডের কারণে জামাত যে পরিমাণে প্রত্যাখ্যাত হয়েছিল, সাবেক সোভিয়েত ব্লক এবং পূর্ব ইউরোপে সিপিবি জাতীয় দলগুলো দীর্ঘ মেয়াদে একই ধরণের কার্জকলাপের জন্য প্রত্যাখ্যাত হয়েছে। দুটো দলেরই মূল হাতিয়ার হচ্ছে ইতিহাসের অপব্যাখ্যা এবং বিভিন্ন ধাপে পুরুষতন্ত্রের প্রয়োগ।
অগ্নিকান্ডের অতিসরলীকৃত ব্যাখ্যা
একটি কথা স্পষ্ট করা দরকার: কোনো ভবন পুড়িয়ে দেওয়া কোনো রাজনৈতিক বিরোধের বিকল্প নয়। কিন্তু যে সমাজে ক্ষোভ জমেছে, সেখানে আগুন লাগার পর শুধু আগুনের নিন্দা করে ক্ষোভের ইতিহাস মুছে ফেলা যায় না।
প্রচলিত ব্যাখ্যাটা খুব সহজ: হাদি ছিলেন ইসলামপন্থীদের অনুপ্রবেশকারী, এই প্রতিষ্ঠানগুলো ইসলামপন্থীদের পছন্দের নয়, অতএব ইসলামপন্থী জনতা এগুলোতে হামলা চালিয়েছে। ব্যস, গল্প শেষ। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর কি হতে পারে!
সহজ গল্পের আড়ালে আরও জটিল একটি বাস্তবতা আছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কি অর্থ বহন করে? তারা কি সত্যিই শ্রমজীবী মানুষের প্রতিষ্ঠান? তারা কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে?
নাকি তারা এমন একটি সামাজিক বৃত্তের প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে নিজেদের প্রগতিশীলতা, বাঙালিত্ব, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে একটি বাজার প্রতিষ্ঠা করেছে?
দেখতে হবে, দীর্ঘদিন ধরে জমে থাকা সামাজিক ক্ষোভকে জামাত, শিবির কিভাবে কাজে লাগিয়েছে, কেন তথাকথিত প্রগতিশীল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সেই ক্ষোভকে সংগঠিত করা সম্ভব হয়েছে এবং কেন এই প্রতিষ্ঠানগুলোর নিজেদের সামাজিক ভিত্তি এত সংকীর্ণ হয়ে পড়েছে।
প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে নিজেদের বাংলাদেশের জনপরিসরের প্রধান সত্য-সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
প্রতিষ্ঠানগুলোর মালিকানা, করপোরেট সম্পর্ক এবং ক্ষমতাকাঠামোর সঙ্গে যোগাযোগ অস্বস্তিকর। প্রথম আলো ও ডেইলি স্টারের পেছনে রয়েছে ট্রান্সকম, যা চা-শিল্পের অন্যতম প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাংলাদেশের চা-বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি, বাসস্থান, স্বাস্থ্য ও মানবিক মর্যাদার প্রশ্ন সামনে রেখে বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সামাজিক দায়বদ্ধতা নিয়ে এরা কোনও প্রশ্ন তোলেনা।
বাংলাদেশের তৈরি পোশাক-শিল্পের মালিকদের সঙ্গে ক্ষমতা-কাঠামোর সম্পর্ক, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ, করপোরেট স্বার্থের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক নিয়ে অনুসন্ধান হওয়া উচিত।
আওয়ামী লীগও প্রথম আলো ও ডেইলি স্টারকে পছন্দ করত না। কোনো সরকার কোনো সংবাদমাধ্যমকে অপছন্দ করলেই সংবাদ-মাধ্যমটি স্বয়ংক্রিয়ভাবে জনগণের প্রতিনিধি হয়ে যায় না। ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধ থাকা আর ক্ষমতার কাঠামোর বাইরে দাঁড়ানো এক জিনিস নয়।
মাহফুজ আনাম এবং সংবাদ হিসেবে গোয়েন্দা ব্রিফিং
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জরুরি অবস্থার সময় সামরিক গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই না করে প্রকাশ করার বিষয়ে তার নিজের স্বীকারোক্তি বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে।
এখানে বিষয়টি হলো, সাংবাদিকতা কখন ক্ষমতাবানদের তথ্য পরিবেশনের যন্ত্রে পরিণত হয়। যে প্রতিষ্ঠান নিজেকে সত্যের প্রহরী হিসেবে তুলে ধরে, তার অতীত ভুল নিয়ে আলোচনা বন্ধ রাখলে সেই সত্যের দাবি দুর্বল হয়।
আনিসুল হক, ফরিদুর রেজা সাগর
প্রথম আলোর দ্বিতীয় সম্পাদক হিসেবে পরিচিত আনিসুল হককে ঘিরেও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা ও ব্যক্তিগত যোগাযোগের প্রশ্ন রয়েছে।
আনিসুল হক প্রকাশ্যে বলেছেন যে, চ্যানেল আইয়ের মালিক ফরিদুর রেজা সাগর তাকে শিল্পীদের সাহায্য করার জন্য লাখ লাখ টাকা দেন। শিল্পী মাশুক হেলালের ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন বলেও আনিসুল হকের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে।
বৃহত্তর প্রশ্নটি হলো: বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে অর্থ কোথা থেকে আসে, কে তা বণ্টন করে, কোন শিল্পী সেই সহায়তা পান এবং কারা পৃষ্ঠপোষকতার বৃত্তের বাইরে থেকে যান?।
প্রথম আলোর সম্পাদকীয় নেতৃত্বের হয়ে এ যাবত সজ্জাদ শরিফ কাদের নিয়োগ দিয়েছেন, সেই ব্যক্তিদের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থান কি এবং এই নিয়োগের মাধ্যমে প্রথম আলোর সম্পাদকীয় পরিসর কিভাবে ফারহাদ মজহারের চিন্তা ও বক্তব্যকে জায়গা দিয়েছে, এসব প্রশ্ন তোলা যায়।
এখানে বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বটি স্পষ্ট। একটি সংবাদমাধ্যম যখন নিজেকে প্রগতিশীলতার গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করে, তখন তার ভেতরে কোন মতাদর্শের মানুষ জায়গা পান এবং কোন মতাদর্শের মানুষ বাইরে থাকেন, সেটি রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়ায়।
ছায়ানট: সংস্কৃতি যখন সামাজিক মর্যাদার প্রতীক
ছায়ানটের সাংস্কৃতিক পরিসর কতটা সামাজিকভাবে বিস্তৃত? নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য সেখানে প্রবেশের সুযোগ কতটা? শ্রমজীবী মানুষের জীবনের অভিজ্ঞতা সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়বস্তুতে কতটা জায়গা পায়? শহরের শিক্ষিত মধ্যবিত্তের বাইরে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক কতটা গভীর?
এসব প্রশ্ন ছায়ানট-বিরোধী প্রশ্ন নয়। এগুলো সংস্কৃতিকে সর্বজনীন করার প্রশ্ন। যখন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ঘিরে এমন সামাজিক ধারণা তৈরি হয় যে, বাঙালিত্বের প্রকৃত রুচি ও আধুনিকতার সঠিক ব্যাখ্যা কেবল একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ জানেন, তখন সংস্কৃতি মানুষের মুক্তির উপায় না হয়ে সামাজিক মর্যাদা প্রদর্শনের মাধ্যম হয়ে উঠতে পারে।
একজন পোশাক-শ্রমিক রবীন্দ্র-সংগীত জানেন না বলে তিনি রবীন্দ্রনাথের বাইরে নন। একজন রিকশাচালক ছায়ানটের অনুষ্ঠানে যান না বলে তার সাংস্কৃতিক অধিকার কমে যায় না।
উদীচী, বামপন্থার পরিচয় এবং পর্দার আড়ালের রাজনীতি
বামপন্থী পরিচয় কি কোনো প্রতিষ্ঠানকে সমালোচনার ঊর্ধ্বে রাখে? উদীচীর রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান, বিভিন্ন সময়ে তার রাজনৈতিক জোট, ইসলামপন্থী রাজনৈতিক প্রবণতার সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে অনুসন্ধান হওয়া দরকার।
যে সংগঠন সাংস্কৃতিক প্রতিরোধের কথা বলে, তার নিজস্ব সংগঠন কতটা গণতান্ত্রিক? যে বামপন্থী শক্তি ধর্মীয় মৌলবাদের বিরোধিতা করে, তারা কি সমাজের ধর্মপ্রাণ নিম্ন আয়ের মানুষের সঙ্গে বাস্তব রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে?
বাংলাদেশে বামপন্থার বড় সমস্যা হলো, সংগঠনের নেতারা যে ভাষায় কথা বলেন, তা সাধারণ শ্রমজীবী মানুষের জীবনের সংগ্রামের সাথে কতটা যুক্ত? তাঁরা কি শ্রমিকদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ান, নাকি শ্রমিকদের হয়ে কথা বলার একচেটিয়া অধিকার নিজেদের হাতে রাখতে চান?
মতিউর, আনু, কাবেরীদের ককটেল হাসান আজিজুল হকের প্রত্যাখ্যান
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বুদ্ধিবৃত্তিক জগতে আলী রিয়াজ, আসিফ নজরুলদের যে লাইন আপ, সেখানে কাবেরী গায়েনও গুরুত্বপূর্ন। মতিউর রহমান দীর্ঘকাল সিপিবির একতা পত্রিকা সম্পাদনা করেছেন।
গরবাচভের পেরেস্ত্রৈকা, গ্লাসনস্টের আগে, অর্থাৎ সোভিয়েত কমিউনিস্ট পার্টির উদারীকরণের আগে, একতার তত্বিয় এবং বৈশ্বিক দৃষ্টিকোণের পুরোটা মস্কো নির্দেশিত এবং বেশীর ভাগ ক্ষেত্রে পশ্চিম বঙ্গের কমিউনিস্ট পার্টির কপি, পেস্ট।
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় মেধাবীদের অবস্থান সঙ্কুচিত করে, কিম্বা বন্ধ করে বাংলাদেশকে পশ্চিম বঙ্গের শিল্পী, লেখকদের একচেটিয়া বাজারে পরিণত করবার পেছনে সিপিবি বড় ভূমিকা রেখেছে।
মতিউর রহমান যখন প্রথম আলোর সম্পাদক হয়েছে, আবদুল কাইয়ুম মুকুলের মত সিপিবি নেতারাও তার সহযোগী হয়েছে, লেখক শিবির থেকে ফারুক ওয়াসিফ ধরণের লোকজন নেয়া হয়েছে। নিজেদের সংকীর্ণ মানষিকতা থেকে এরা বুদ্ধিবৃত্তিক জায়গাতে ডিভাইড এন্ড রুল খেলেছে। সাধারণীকৃত কল্যানমূলক ইস্যুতে এরা সরব থাকলেও কর্পোরেট স্বার্থ, এনজিও সমালোচনায় নিরব থেকেছে।
কাবেরী গায়েনের মতো বুদ্ধিজীবীদের অবস্থান নিয়ে বৃহত্তর প্রশ্নটি গুরুত্বপূর্ণ: ট্রান্সকমের অর্থনৈতিক শক্তি, প্রথম আলোর সম্পাদকীয় ক্ষমতা, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক এবং পরিচিত বুদ্ধিজীবীদের সামাজিক অবস্থান, এসব একত্রে বিশ্লেষণ করলে বোঝা যায়, সাংস্কৃতিক ক্ষমতা কেবল মঞ্চে গান গাওয়া বা সংবাদপত্রে লেখা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়।
দ্রস্টব্য যে ওপরে উল্লেখিত বামদের এই ককটেল মৃত্যুর বেশ কয়েক বছর আগে লেখক শিবিরের সভাপতি, উপন্যাসিক হাসান আজিজুল হক প্রত্যাখ্যান করেন। প্রকাশ্যে বিবৃতি দিয়ে তিনি লেখক শিবিরের পদ থেকে ইস্তফা দেন এবং বলেন যে সৃজনশীলদের নতুন মঞ্চ দরকার।
এখানে স্পষ্ট যে হাসান আজিজুল হক আনু মুহাম্মদ, খালিকুজ্জামান ইলিয়াসদের অবস্থানকে আর সৃজনশীলতার বিকাশ, নবায়নে সহায়ক ভাবছিলেন না।
প্রথম আলো সম্পাদকীয় যখন বিভিন্ন স্তরে সিটি ব্যাঙ্কের প্রধান নির্বাহী মাসরুর আরেফিনকে বড় সাহিত্যিক বানাতে, না বলে বানোয়াট লেখা হাসান আজিজুলের প্রশংসাপত্র হিসেবে মাসরুরের প্রকাশনার ফ্ল্যাপে জুড়ে দিয়েছিল, তাতেও হাসান আজিজুল প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন।
লুভা নাহিদ চৌধুরী, অঞ্জন চৌধুরী এবং বেঙ্গল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা
লুভা নাহিদ চৌধুরী, অঞ্জন চৌধুরী এবং বেঙ্গল ফাউন্ডেশনকে ঘিরে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার প্রশ্নও একই কাঠামোর মধ্যে বিবেচনা করা দরকার।
বেঙ্গল ফাউন্ডেশন শিল্পী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অর্থায়ন করে। এই ধরনের পৃষ্ঠপোষকতা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু পৃষ্ঠপোষকতার প্রক্রিয়া কতটা স্বচ্ছ? শিল্পী নির্বাচনের মানদণ্ড কী? অর্থায়নের সুযোগ কারা পান? নতুন শিল্পী ও প্রান্তিক সাংস্কৃতিক কর্মীদের জন্য প্রবেশপথ কতটা উন্মুক্ত? পৃষ্ঠপোষকতা কি নির্দিষ্ট সামাজিক সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরশীল?
যদি সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা এমন একটি বদ্ধ ব্যবস্থায় পরিণত হয়, যেখানে পরিচিতি ও সামাজিক অবস্থান সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে সাধারণ মানুষের কাছে সংস্কৃতির জগৎ আরও দূরের হয়ে পড়বে।
ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক এবং বুদ্ধিজীবীদের সামাজিক অবস্থান
আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলয়ের শিক্ষকদের মত ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের সদস্যরাও সরকারী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রাইভেট সংস্থাগুলোর স্বার্থ রক্ষা কোরে চলেছেন।
কোনো শিক্ষক নেটওয়ার্ক যদি কোটারিভিত্তিক প্রাইভেট ব্যাবসায় সহযোগী হয়, তাহলে শ্রমজীবী মানুষের বাস্তব অভিজ্ঞতা তার আলোচনায় কতটা জায়গা পায়? বিশ্ববিদ্যালয়ের বাইরের মানুষদের জ্ঞান, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচারকে কি সমান গুরুত্ব দেওয়া হয়?
এখানে উল্লেখযোগ্য যে শহিদুল আলম মালিকানাধীন দৃক পাঠাশালার ব্যবস্থাপনা পর্ষদে বিভিন্ন সময় অবস্থান করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, সাদেকা হালিম, সামিনা লুতফা, যদিও রাজনৈতিক ভাবে এদের দৃষ্টিকোণ ভিন্ন।
যখন বুদ্ধিজীবীরা নিজেদের সামাজিক অবস্থানকে নিরপেক্ষ জ্ঞানের অবস্থান বলে ধরে নেন, তাদের শ্রেণিগত সুবিধা, সাংস্কৃতিক পছন্দ এবং রাজনৈতিক সম্পর্কও তখন অদৃশ্য হয়ে যায়। তারা অন্যের ক্ষমতা বিশ্লেষণ করেন, কিন্তু নিজের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন না।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান তাকে জনগণের ওপর অভিভাবকত্বের একটি পরিসর দেয়। সেই পরিসর থেকে তিনি ধোঁকাবাজি করলে, জনগনের বিকাশের জায়গাটি কমতে থাকে।
ধোকাবাজি তৎপরতার ফলে জনতার আস্থা কমতে কমতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখান থেকে মবের বিস্ফোরণ হয়েছে। যারা এর কারণ এবং সমাধান নির্দেশ করবার কথা, তারাই কারণ হয়ে গেছে।
মেঘমল্লার প্রসঙ্গে তানভীর মোকাম্মেল, মাহবুব মোকাদ্দেম আকাশ স্মরণ
ওপরে উল্লেখিতদের তুলনায় ভিন্ন প্রজন্মের হলেও মেঘমল্লার বসুর রাজনৈতিক বক্তব্যে ফারহাদ মজহার-ঘনিষ্ঠ বুদ্ধিবৃত্তিক পরিসরের সঙ্গে সাদৃশ্য আছে।
বাংলাদেশে ছাত্র রাজনীতি এবং পরিণত সাংস্কৃতিক বুদ্ধিজীবী পরিসরে অনেকে একটি গোষ্ঠীর অলংকার হয়ে ওঠে। কেউ গ্রামশি উদ্ধৃত করেন, কেউ ফ্যানন, কেউ মার্ক্স, কেউ লেনিন।
গ্রামশির আধিপত্যের ধারণা নিয়ে আলোচনা করলে কি কেউ নিজের সাংস্কৃতিক আধিপত্য বুঝতে পারেন? ফ্যাননের উপনিবেশ-বিরোধী চিন্তা উদ্ধৃত করলে কি নিজের সামাজিক পরিসরের শ্রেণিগত বর্জন দেখা যায়? লেনিনের রাজনৈতিক সংগঠন নিয়ে কথা বললে কি কেউ নিজের সংগঠনের অভ্যন্তরীণ কর্তৃত্ববাদকে প্রশ্ন করতে পারেন?
যে বুদ্ধিজীবী নিজেকে প্রান্তিক মানুষের প্রতিনিধি বলেন, তকে জিজ্ঞাসা করতে হবে: প্রান্তিক মানুষেরা কি নিজেরা তার বক্তব্যের সঙ্গে দ্বিমত করতে পারেন? তারা কি তাঁর রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করতে পারেন?
যদি উত্তর না হয়, তাহলে সে বুদ্ধিবৃত্তিক রাজনীতির মধ্যে মুক্তির চেয়ে নিয়ন্ত্রণমূলক অভিভাবকত্ব বেশি কাজ করছে।
দেখা যাবে সিপিবি ঘরানার তানভীর মোকাম্মেল চলচ্চিত্র আন্দোলনে যত শক্তিশালী হয়েছেন, নিজের বস্তাপচা সিনেমাগুলোর পাশাপাশি তরুণতর উদ্যোগগুলোকে আটকে দিয়েছেন। শক্তিশালী কবির চৌধুরী পরিবারের বলয় থেকে আসা মাহবুব মোকাদ্দেম আকাশ তার তত্বিয় তোতাপাখি কেরিয়ারে মূলত সাম্যবাদকে গজদন্তী মিনারে রূপান্তরিত করেছেন এবং আনু মুহাম্মদদের সাথে মিলে জামাত-বান্ধব বুদ্ধিবৃত্তিক পরিসর তৈরি করেছেন।
জুলেখা সিরাপ মেটাভার্স: ক্ষুদ্র পরিসরে বৃহত্তর শ্রেণিসংঘাত
জুলেখা সিরাপ মেটাভার্স একটি ছোট ফেসবুক গোষ্ঠী। গত এক যুগে গ্রুপটির প্রতিষ্ঠা থেকে বর্তমান পথযাত্রায়, সিপিবি বর্তমান নেতৃত্ব কাঁটা ছিটিয়ে আসছে। আমাদের গ্রুপকে অস্ট্রাসাইজ করতে এরা সব রকমের তৎপরতা চালিয়ে আসছে।
প্রশ্নটি কেবল একটি ফেসবুক গোষ্ঠীকে ঘিরে নয়। প্রশ্ন হলো, বামপন্থী পরিচয়ের অধিকারী ব্যক্তিরা নিজেদের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে কিভাবে আচরণ করেন।
একটি ছোট গোষ্ঠীকে নিয়ে সংঘাতের মধ্যে বৃহত্তর সামাজিক সমস্যাটি দেখা যায়: রাজনৈতিক পরিচয় অনেক সময় যুক্তির বিকল্প হয়ে দাঁড়ায়। নিজেরা নিজেদের প্রগতিশীল ঘোষণা করেন, তারপর সেই পরিচয়ের ভিত্তিতে অন্যদের বক্তব্যকে গুরুত্বহীন করে দেন।
এনসিপি, ইনকিলাব মঞ্চ এবং ইসলামপন্থীদের রাজনৈতিক সুযোগ
বাংলাদেশে এনসিপি, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য নতুন রাজনৈতিক পরিসরের উত্থানকে পুরোনো রাজনৈতিক কাঠামোর সংকট থেকে আলাদা করে দেখা যায় না। যখন মানুষ পুরোনো রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারায়, তখন নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয়।
ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো বলতে পারে, শহুরে সাংস্কৃতিক অভিজাতেরা সাধারণ মানুষকে অবজ্ঞা করে; বড় সংবাদমাধ্যম করপোরেট স্বার্থ রক্ষা করে; বামপন্থীরা শ্রমিকের কথা বললেও শ্রমিকের সঙ্গে থাকে না; সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সুযোগ বণ্টন করে।
এই বক্তব্যগুলোর মধ্যে বাস্তব সামাজিক অভিজ্ঞতার প্রতিফলন থাকতে পারে। আর সেখানে ইসলামপন্থীদের রাজনৈতিক কৌশল কার্যকর হতে পারে: তারা এমন মানুষের ক্ষোভকে নিজেদের রাজনৈতিক প্রকল্পের অংশ করে, যারা নিজেদের দীর্ঘদিন ধরে উপেক্ষিত মনে করেছে। ভারতের বিজেপি সহ বহু কট্টর ডানপন্থী দল এভাবে সফল হয়েছে।
ক্ষোভ কাজে লাগানো আর সেই ক্ষোভের প্রকৃত সমাধান দেওয়া এক জিনিস নয়। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি পুরোনো অভিজাততন্ত্রের বিরুদ্ধে কথা বলে, তবে তাদেরও বলতে হবে শ্রমিকের মজুরি, স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তাদের কর্মসূচি কী।
ইসলামপন্থীরা যদি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার মাধ্যমে নিজেদের রাজনৈতিক শক্তি বাড়াতে চায়, তবে সেটি একটি রাজনৈতিক কৌশল। একই সঙ্গে এটাও অস্বীকার করা যায় না যে, সাংস্কৃতিক অভিজাতদের সামাজিক বিচ্ছিন্নতা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য সুযোগ তৈরি করে।
আগুন, শহিদত্ব এবং প্রতিষ্ঠানের রাজনৈতিক পুঁজি
কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হলে তার সদস্যরা নিজেদের ওপর হামলাকে রাজনৈতিক নিপীড়নের প্রমাণ হিসেবে তুলে ধরতে পারেন। কখনো সেই দাবি যথার্থও হতে পারে। কিন্তু কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে বলে তার পূর্ববর্তী সমস্ত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে উঠে যায় না।
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। হামলার নিন্দা করতে হবে। অপরাধের তদন্ত করতে হবে। দায়ীদের শনাক্ত করতে হবে। কিন্তু সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সামাজিক অবস্থান, করপোরেট সম্পর্ক, সাংস্কৃতিক কর্তৃত্ব এবং জনগণের সঙ্গে তাদের দূরত্ব নিয়ে আলোচনা বন্ধ করা যাবে না।
যদি হামলার পর কোনো প্রতিষ্ঠান কেবল নিজেদের নৈতিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কাজে ঘটনাটিকে ব্যবহার করে, অথচ নিজেদের ক্ষমতার কাঠামো নিয়ে কোনো আত্মসমালোচনা না করে, তাহলে সামাজিক অবিশ্বাস আরও বাড়তে পারে।
একইভাবে, হামলাকারীরা যদি নিজেদেরকে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে ঘোষণা করে, অথচ শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যার সমাধানে কোনো কর্মসূচি না দেয়, তাহলে তাদের জনতার রাজনীতিও প্রশ্নের মুখে পড়বে।
বাংলাদেশের জনগণকে নতুন কোনো অভিভাবকের হাতে তুলে দেওয়ার দরকার নেই। দরকার এমন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে প্রতিষ্ঠান ও সংগঠনগুলো জনগণের কাছে জবাবদিহি করবে।
বস্তিবাসী, পোশাকশ্রমিক এবং আলোকিত বাংলাদেশের বাইরে থাকা নিগ্রো জনতা
এই পুরো বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো: বাংলাদেশের শ্রমজীবী মানুষ কোথায়?
যে পোশাকশ্রমিক প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন, তিনি কি ছায়ানটের সাংস্কৃতিক সিদ্ধান্তে অংশ নিতে পারেন? যে চা-শ্রমিকের জীবন কঠোর শ্রমের মধ্যে সীমাবদ্ধ, তাঁর অভিজ্ঞতা কি প্রথম আলোর সাংস্কৃতিক পরিসরে যথেষ্ট জায়গা পায়? যে বস্তিবাসী প্রতিদিন বাসস্থান, পানি, চিকিৎসা ও কাজের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেন, তার রাজনৈতিক ভাষা কি শহুরে বুদ্ধিজীবীদের ভাষার মতোই গুরুত্ব পায়?
একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কতটা সফল, তা শুধু দর্শকের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। প্রশ্ন হলো, কারা সেখানে প্রবেশ করতে পারে, কারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং কারা অর্থনৈতিক কারণে বাইরে থেকে যায়।
বাংলাদেশের সাধারণ মানুষ হয়ে গেছে রাজনৈতিক প্রকল্পের কাঁচামাল।
জামাত, শিবির, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, সিপিবি, ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক, বেঙ্গল ফাউন্ডেশন, ঘিরে একটি সাধারণ প্রশ্ন তোলা যায়: সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গণতান্ত্রিক? উপনিবেশবাদের বিরুদ্ধ্বে বললেও, এদের হলমার্ক আচরণগুলো উপনিবেশবাদী।
সাধারণ মানুষকে এরা বলে আমজনতা, সাবলটার্ন, বিপ্লবের শক্তি, ধর্মীয় সমাজের ভিত্তি, উন্নয়নের সুবিধাভোগী। কিন্তু মানুষ নিজেরা কি চায়, কিভাবে নিজেদের জীবন সংগঠিত করতে চায় এবং কোন রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করে, সেই প্রশ্নে তাদের স্বাধীনতাকে কতটা সম্মান করা হয়?
এই সমস্যাটিকে উপনিবেশবাদী মানসিকতার সঙ্গে তুলনা করা যায়। উপনিবেশবাদী শাসক যেমন শাসিত জনগোষ্ঠীকে নিজের চেয়ে হীন, অপরিণত ও পরিচালিত হওয়ার উপযুক্ত মনে করত, তেমনই আধুনিক সাংস্কৃতিক অভিজাততন্ত্রও সাধারণ মানুষকে এমনভাবে দেখে যেন তারা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার যোগ্য নয়।
যে মানসিকতা অন্যকে নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে, সেটি সাংস্কৃতিক পোশাক বদলালেও তার আধিপত্যবাদী চরিত্র হারায় না।
রবীন্দ্রনাথ, নজরুল এবং সাংস্কৃতিক সার্বভৌমত্ব
রবীন্দ্রনাথ ঠাকুর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন। নজরুল ইসলাম কোনো সাংস্কৃতিক ক্লাবের নন। লালন কোনো করপোরেট পৃষ্ঠপোষকের নন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো সংবাদপত্রের একচেটিয়া সম্পত্তি নয়।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সমালোচনা করলেই কেউ রবীন্দ্র-বিরোধী হয়ে যান না। প্রথম আলোর সমালোচনা করলেই কেউ সংবাদ-বিরোধী নন। ছায়ানটের সামাজিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুললেই কেউ সংস্কৃতি-বিরোধী নন। উদীচীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেই কেউ বামপন্থা-বিরোধী হয়ে যান না।
শেষ কথা: এই দঙ্গল বাংলাদেশিদের সমান মানুষ মনে করে কি?
বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরের সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো: যারা জনগণের হয়ে কথা বলেন, তারা জনগণকে নিজেদের সমান মনে করেন কি?
প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকীয় অভিজাততন্ত্র, ট্রান্সকমের করপোরেট ক্ষমতা, মাহফুজ আনামের ডিজিএফআই-সংক্রান্ত বিতর্ক, আনিসুল হক ও ফরিদুর রেজা সাগরের সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার সম্পর্ক, ফারহাদ মজহার প্রভাবিত সজ্জাদ শরিফের সম্পাদকীয় ভূমিকা, ছায়ানটের সামাজিক ভিত্তি, উদীচীর রাজনৈতিক অবস্থান, সিপিবির সাংগঠনিক সীমাবদ্ধতা, মতিউর রহমান ঘরানায় কাবেরী গায়েনের অবস্থান, মেঘমল্লার বসুর বক্তব্য, লুভা নাহিদ চৌধুরী ও অঞ্জন চৌধুরীকে ঘিরে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার প্রশ্ন, বেঙ্গল ফাউন্ডেশনের অর্থায়ন, ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের সামাজিক ভিত্তি, জুলেখা সিরাপ মেটাভার্সকে ঘিরে অনলাইন সংঘাত, মোহাম্মদ শাহ আলমের চয়ন খায়রুল হাবিবকে লেনিন পড়ার পরামর্শ,
সবকিছুর নিচে যে প্রশ্নটি রয়ে যায়, তা হলো শ্রেণি ও ক্ষমতার প্রশ্ন।
বাংলাদেশের বিপদ কেবল ইসলামপন্থী মৌলবাদ নয়। বিপদ করপোরেট ক্ষমতার সঙ্গে সাংস্কৃতিক বৈধতার জোটেও। বিপদ সেই বামপন্থায়, যা শ্রমিকের নামে কথা বলে অথচ শ্রমিকের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে না। বিপদ সেই বুদ্ধিজীবিতায়, যা জনগণকে শিক্ষিত করার নামে তাদের ওপর অভিভাবকত্ব প্রতিষ্ঠা করে। বিপদ সেই জনতাবাদে, যা মানুষের ক্ষোভকে ব্যবহার করে নতুন কর্তৃত্বের ভিত্তি তৈরি করে।
রবীন্দ্রনাথকে প্রথম আলো, ছায়ানট কিংবা উদীচীর হাতে কুক্ষিগত হতে দেওয়া যাবে না। একইভাবে রবীন্দ্রনাথকে কোনো ইসলামপন্থী সংগঠন, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো করপোরেট গোষ্ঠীর সম্পত্তিও হতে দেওয়া যাবে না।
সংস্কৃতি কোনো ক্লাবের নয়। সত্য কোনো সংবাদপত্রের একচেটিয়া সম্পত্তি নয়। বিপ্লব কোনো দলের ব্যক্তিগত ব্র্যান্ড নয়। জনগণের মুক্তি কোনো বুদ্ধিজীবীর পেশাগত পরিচয় নয়।
তৃণা রাব্বানি
Trina Rabbani's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।