প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৬:৫৫ পি.এম
কাদের সিদ্দিকী পাসপোর্ট ছাড়াইবীরের বেশে দেশে এসেছিলেন
অনলাইন বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
কাদের সিদ্দিকী যদি দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে এসে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন, তাহলে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে পাসপোর্ট বা ট্রাভেল পাসকে একমাত্র ও চূড়ান্ত বাধা হিসেবে দেখানো হচ্ছে কেন?
আজকে গোলাম মাওলা রনি বলেছেন ''কাদের সিদ্দিকী পাসপোর্ট ছাড়াই বীরের বেশে দেশে এসেছিলেন এরশাদের পতনের পর, কেউ জিজ্ঞাসা করার সাহস পায়নি - আপনার পাসপোর্ট কই ?''
বাংলাদেশের রাজনীতিতে দেশে ফেরার অধিকার পাসপোর্ট এবং আইনি জটিলতা নিয়ে যারা আজ নানা প্রশ্ন তুলছেন তাদের ১৯৯০-৯১ সালের ইতিহাসটা একবার মনে করিয়ে দিতে চাই।
দীর্ঘ প্রায় ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৯০ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ভারতে অবস্থান ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন। সেইসময় রয়টার্সের ১৬ ডিসেম্বর ১৯৯০ সালের প্রতিবেদনেও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশিত হয়েছিল।
তখন বাংলাদেশে রাষ্ট্রপতি এরশাদের পতন হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। কাদের সিদ্দিকীর দেশে ফেরার পর তাঁকে নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো, দেশে ফেরার প্রায় এক মাসের মাথায়, ১৯৯১ সালের ১৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষ।
১৯৯১ সালের ১৮ জানুয়ারির কিয়োদো নিউজ সার্ভিসের প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের সংকলিত ঐতিহাসিক নথিতেও দেখা যায় , ১৯৭৮ সালে একটি সামরিক আদালতে তাঁর অনুপস্থিতিতে বিচার হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে সাজা ঘোষিত ছিল।
অর্থাৎ, অতীতে আদালতে দণ্ডিত হওয়ার বিষয়টি কাদের সিদ্দিকীর বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়নি। তিনি দেশে ফিরেছেন, এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তিনি দেশে ফিরতে চান বলে সাম্প্রতিক সময়ে তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রয়েছে!
কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশে ফেরার আগে তাঁকে পাসপোর্ট দিতেই হবে নাকি প্রত্যর্পণ চুক্তি কিংবা অন্য কোনো বৈধ ভ্রমণ-সংক্রান্ত ব্যবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে ?
হয়তো কাদের সিদ্দিকী ও শেখ হাসিনার মামলার আইনি পরিস্থিতি এক না । তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিচারিক অবস্থান ও দণ্ডের ধরনও এক নয়। কিন্তু কাদের সিদ্দিকীর প্রত্যাবর্তনের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ নীতি সামনে আনে! কোনো নাগরিকের দেশে প্রত্যাবর্তন এবং দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে বিদ্যমান আইনি প্রক্রিয়া-দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।
কেউ দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, আদালতে হাজির করা হতে পারে, বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। কিন্তু আইনি প্রক্রিয়া আছে বলেই দেশে ফেরার প্রতিটি সম্ভাব্য পথ বন্ধ-এমন সিদ্ধান্তও আগে থেকে দেওয়া যায় না।
কাদের সিদ্দিকীর ক্ষেত্রে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার যে ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও দেশে প্রত্যাবর্তন ও আইনি প্রক্রিয়াকে আলাদা করে বিবেচনা করার সুযোগ কেন থাকবে না? ইতিহাসকে রাজনৈতিক সুবিধামতো নয়, যুক্তি ও আইনের আলোকে বিচার করুন।
ঢাকা অান্তর্জাতিক বিমান বন্দর ১৬ ডিসেম্বর ১৯৯০
Saiful Islam Khan's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
ছবি সংগৃহিত।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত