প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১২:০৭ এ.এম
কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. সিরাজুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কুষাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিরাজুল ইসলাম কুষাকান্দা গ্রামের মৃত মাও. আজিজুল ইসলামের ছেলে। প্রায় ৩৫ বছর ধরে সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজুল ইসলাম প্রতিদিনের মতোই তার নিজ ঘরে ঘুমাতে যান।
শুক্রবার সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে তিনি স্ত্রী-সন্তানসহ আমেরিকায় বসবাস করছিলেন।
মাঝেমধ্যে দেশে বেড়াতে আসতেন আবার আমেরিকায় ফিরে যেতেন। তবে এক বছর আগে দেশে ফেরার পর আর আমেরিকায় যাননি তিনি। একাই তিনি বাড়িতে থাকতেন। বর্তমানে তার স্ত্রী ও সন্তানেরা আমেরিকায় অবস্থান করছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১