কিশোর-কিশোরীদের মধ্যে সহনশীলতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ অক্টোবর ২০২৬: কিশোর-কিশোরীদের মধ্যে সহনশীলতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং নারী-পুরুষের সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন শক্তি এবং ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ পর্যন্ত ৬০০ জন ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ ঠিক করানো হয়।
প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা, নৈতিক আচরণ ও সমান অধিকারের ধারণা গড়ে তোলা। পাশাপাশি লিঙ্গভিত্তিক বৈষম্য, কুসংস্কার ও ক্ষতিকর সামাজিক রীতিনীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয় ও সমাজে নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ গঠনে তাদের উৎসাহিত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম সরকার মুকুল, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন, শিক্ষক আশরাফুল ইসলাম, বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা ড. সুলতান মুহম্মদ রাজ্জাক এবং ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের মাঠকর্মকর্তা সেলিনা খাতুন।
প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি সহনশীলতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীরা দেশের ভবিষ্যৎ নাগরিক। তাদের মধ্যে ছোটবেলা থেকেই মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সমতার মানসিকতা গড়ে তোলা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক মূল্যবোধের চর্চা বাড়ানো গেলে বাল্যবিবাহ, বৈষম্য ও অসম্মানজনক আচরণ প্রতিরোধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক আচরণ চর্চা, সমান অধিকারের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
নারী উন্নয়ন শক্তি ১৯৯২ সাল থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে মানবিকতা, সমতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দুই সংগঠন কাজ করে যাচ্ছে।