খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার চাঁদার দাবিতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে হুমকি এবং এ বিষয়ে থানায় জিডির পর তার বাড়িতে গুলির অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ টুটপাড়ায় প্রকাশ্যে এই গুলির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত কয়েকদিন ধরে নগরীর দক্ষিণ টুটপাড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দা ও একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা মিলটন বারিকদারের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তাকে কয়েক দফা প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দক্ষিণ টুটপাড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ভুক্তভোগী এনজিও কর্মকর্তা মিলটন বারিকদার বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তারপরও তারা তাকে জীবননাশের হুমকি দেওয়াসহ নানা ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে। সর্বশেষ বুধবার দুপুর আড়াইটার দিকে তারা চাঁদার দাবিতে আমার বাড়িতে গুলি করেছে। এতে আমি পরিবারসহ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।