পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে এদিন সকাল থেকে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

পুলিশ জানায়, বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। শ্রমিকেরা উল্টো পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ছয় আনসার সদস্য আহত হয়েছেন। মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।