নেত্রকোণা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেখানে থাকা দুটি মোটরসাইকেল ও নথিপত্র পুড়ে গেছে।
বুধবার ভোররাতে উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখাটির ক্ষুদ্র ঋণ প্রবাহ কর্মকর্তা রঞ্জন কুমার কুণ্ডু বলেন, ভোররাতে নৈশপ্রহরী অগ্নিকাণ্ডের খবর দিলে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত