ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী
যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি একটি রুলও জারি করেছেন। আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা অর্থ তাদের তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।
রিটের বিবরণ অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবের গ্রাহক। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। অন্য আবেদনকারী মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।
গত ১৭ সেপ্টেম্বর চার গ্রাহক চেকের মাধ্যমে টাকা তুলতে সংশ্লিষ্ট শাখায় গেলে কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ না দেখিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান বলে রিটে উল্লেখ করা হয়েছে।