সিলেটে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে।
সোমবার (৯ নভেম্বর) রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারীরা হাতকড়াসহ আটক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর মডেল থানার পুলিশ আটক জাকারিয়াকে নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এরপর একাধিক মামলার আসামি জাকারিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমীন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত