প্রায় প্রতি বছরই অক্টোবর-নভেম্বরে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। স্থানীয় উৎপাদনে চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় এ সময় আমদানির ওপর নির্ভর করতে হয়। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানিতে বিঘ্ন ঘটলেই দাম বেড়ে যায় হু হু করে। তবে সে চিত্রে পরিবর্তন আসতে শুরু করেছে। আমদানিনির্ভরতা কাটিয়ে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোচ্ছে দেশ। গত পাঁচ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির উৎপাদন বেড়েছে ৫১ শতাংশের বেশি। বিপরীতে উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি। উৎপাদন ও সরবরাহ বাড়ায় গত চার বছরের মধ্যে এ সময়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পেঁয়াজের খুচরা মূল্য।
উৎপাদন বৃদ্ধির পেছনে গবেষণা, নতুন ও উন্নত জাত উদ্ভাবন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। দাম কম থাকায় এবার কৃষক লোকসান গুনেছেন উল্লেখ করে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘তাদের রক্ষায় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎপাদনে টিকিয়ে রাখতে হবে। তবে আলুর মতো পেঁয়াজের বাজারেও যাতে অতিরিক্ত উৎপাদনের কারণে দীর্ঘমেয়াদি সংকট তৈরি না হয়, সে বিষয়েও থাকতে হবে সতর্ক। চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য প্রকাশ করে সে অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। পেঁয়াজে আমরা সফলতা অর্জন করেছি। অন্যান্য মসলাজাতীয় পণ্যেও সমন্বিত উদ্যোগ নিলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।’
চলতি বছর আমদানির প্রয়োজন না হওয়ার পেছনে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা বাড়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি বছর দেশে সংরক্ষিত পেঁয়াজের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২৭৪ টনে। সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বাড়াতে সরকারও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সংরক্ষণকালীন পচন ও ওজন কমে যাওয়া। প্রচলিত পদ্ধতিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে সংরক্ষিত পেঁয়াজ দ্রুত নষ্ট হয়। ফলে উৎপাদন বেশি হলেও মৌসুমের পরবর্তী সময়ে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা মোকাবেলায় কৃষক পর্যায়ে এয়ার ফ্লো মেশিন বিতরণের ।
পেঁয়াজের উৎপাদন বাড়ার পেছনে কৃষকের পরিশ্রমের পাশাপাশি উচ্চফলনশীল নতুন জাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরাও। এ বিষয়ে মসলা গবেষণা কেন্দ্র, বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো. মাসুদ আলম বণিক বার্তাকে বলেন, ‘কৃষকের হেক্টরপ্রতি উৎপাদন বেড়েছে। আগে সাধারণত শীতকালেই পেঁয়াজ চাষ হতো। এখন গ্রীষ্মকালীন পেঁয়াজেরও আবাদ হচ্ছে। আগে দেশী পেঁয়াজ বলতে ছোট আকারেরই বেশি উৎপাদন হতো। এখন গবেষণার মাধ্যমে বড় আকারের পেঁয়াজের জাত উদ্ভাবন করা হয়েছে। এতে ফলন বেড়েছে চার থেকে পাঁচ গুণ।’
বারি-৪ ও বারি-৬ নামে পেঁয়াজের জাত বাজারে এসেছে জানিয়ে এ গবেষক বলেন, ‘এসব জাতের একেকটি পেঁয়াজের ওজন ৪০০ গ্রাম পর্যন্ত হয়। বারি-২, ৩ ও ৪ জাতের পেঁয়াজ সারা বছর চাষ করা যায়। এগুলো দ্রুত উত্তোলনও সম্ভব। ফলে উৎপাদনশীলতা বেড়েছে এবং আমদানির প্রয়োজনীয়তা কমেছে। আমরা পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোচ্ছি।’
বাজারে সরবরাহ বেশি থাকায় এর সুফল পাচ্ছেন ভোক্তারাও। রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রাজধানীতে গতকাল পণ্যটির খুচরা দাম ছিল কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা। অথচ গত বছরের একই দিনে (৫ নভেম্বর) দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর ২০২৪ সালের একই দিনে দেশী পেঁয়াজের দাম চড়েছিল ১৩০ থেকে ১৫০ এবং আমদানীকৃত ৮৫ থেকে ১২০ টাকায়। রাজধানীতে দেশী পেঁয়াজ কেজিপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছিল ২০২৩ সালের ৫ নভেম্বর।
সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে পেঁয়াজের তুলনামূলক ভালো দাম পাওয়ায় কৃষকরা এ ফসলের আবাদ বাড়িয়েছেন। এতে উৎপাদন বেড়েছে, কমেছে আমদানির প্রয়োজনীয়তা। অন্যদিকে কম দামে পেঁয়াজ পেয়ে স্বস্তিতে রয়েছেন ভোক্তারাও। তবে বাজারে দীর্ঘদিন দাম কম থাকলে কৃষকরা পেঁয়াজ চাষ থেকে সরে যেতে পারেন। এতে উৎপাদন কমে গিয়ে আবারো আমদানির ওপর নির্ভরতা তৈরি হতে পারে। ফলে উৎপাদনে অর্জিত সাফল্য ধরে রাখতে কৃষকের স্বার্থ সুরক্ষায় কার্যকর নীতিগত পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারপ্রান্তে। আমাদের লক্ষ্য শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা নয়, ভবিষ্যতে উদ্বৃত্ত পেঁয়াজ বিদেশে রফতানির সক্ষমতা অর্জন করাও। এ লক্ষ্য সামনে রেখে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণ ও বাজারজাত ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।’ গবেষণা, উন্নত বীজ সরবরাহ, উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন সরবরাহসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।