স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তার প্রতি সমর্থন জানিয়েছেন রাফসান।
সালমানকে সাহস জোগাতে রাফসান লিখেছেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’
গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশ দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল...এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিহ্ন রয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা যায়।