বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা গেছে।
খবরটি জাকির হোসাইন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
আজ দুপুর ১২টা ২২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আর নেই... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে জাকির হোসাইনের বাবার মৃত্যুর কারণ ও দাফনের সময়-স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এসএম জাকির হোসাইন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি এবং এসএম জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জাকির হোসাইনের বাবা আব্দুল জলিলের পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে তিনি অষ্টম সন্তান বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত