প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:০৩ পি.এম
মোদি পেজেশকিয়ানের হাতে হাত, BRICS-এর মঞ্চ থেকে বড় কূটনীতি ভারতের, কাকে বার্তা নয়া দিল্লির?
অনলাইন শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিজনেস সামিটের এক ছবিতেই স্পষ্ট হল অনেক কিছু। ফুটে উঠল ভারতের কূটনৈতিক অবস্থান। সামিটে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত ধরে আছেন। তাঁদের পাশেই ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মোদি-পেজেশকিয়ানের সেই ছবি ভাইরাল হয়েছে।
বড় বড় দেশ বিভিন্ন সময়ে সংঘাতে জড়িয়ে পড়ায় বহু রাষ্ট্রও হিংসায় জড়াচ্ছে। বিশ্বজুড়ে কূটনৈতিক অবস্থান একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে। সময়ের নিরিখে তাই মোদি-পেজাশকিয়ানের ছবি বেশ তাৎপর্যবাহী। বড় কূটনৈতিক বার্তা দিল নয়াদিল্লি। ইরান এমন এক সংঘাতের কেন্দ্রে রয়েছে যা জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত করেছে। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া পশ্চিমী বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী শক্তির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার পাশাপাশি ভারত এই দেশ দু'টির সঙ্গেও যোগাযোগ ও সম্পর্ক অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী মোদি ও পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেও এই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানান। তিনি অসামরিক নাগরিক, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সুরক্ষার ওপর জোর দেন এবং নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।
পুতিনের সঙ্গে পৃথক বৈঠকেও প্রধানমন্ত্রী মোদি একই সুর বজায় রাখেন। দুই নেতা প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করেন এবং ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের আহ্বান ফের একবার তুলে ধরেন।
নয়াদিল্লি বরাবরই বলে আসছে যে, তারা কেবল নিষ্ক্রিয়ভাবে নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে অবস্থান করছে। একই সঙ্গে, তারা পরস্পরবিরোধী ভূ-রাজনৈতিক বলয়ে জড়িয়ে পড়া থেকে নিজেদের বিরত রেখেছে এবং বিপরীত শিবিরে থাকা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। এই ভারসাম্যপূর্ণ অবস্থানই সম্মেলনের আয়োজনে ভারতের ভূমিকাকে প্রভাবিত করেছে, যেখানে সহযোগিতাকে অন্যতম প্রধান বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
ভাইরাল ছবি ভারতের এই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে যে, ভারত ইরান ও রাশিয়ার সঙ্গে রয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান বিভক্ত বিশ্বে সংলাপ ও সহযোগিতার পথ খোলা রাখছে।
আজকাল ওয়েবডেস্ক
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১