শাহজালাল রুমি চলে গেছেন দেশ ছেড়ে। তার সামর্থ্য আছে চলে গেছেন। কিন্তু অনেকে যেতে পারেন না। অন্তত আমি তো পারিই না। অথচ এই দেশ ছেড়ে চলে যাওয়ার খুব ইচ্ছে আমার।
কেন?
আজকের ঘটনা-ই বলি। উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে কিন্ডারগার্টেন শিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণ শেষ হলো আজ। সেন্টারটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে। বিদ্যালয়ের একটি ভবনে নির্মাণকাজ চলছে। ৩য় তলায় কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছে।
প্রশিক্ষণ নিতে আসা পুরুষ শিক্ষকের সংখ্যা খুব কম। প্রশিক্ষণ শেষে নারী শিক্ষকেরা বের হলেন। আমার স্ত্রী তাদের মধ্যে একজন। আমি গিয়েছিলাম তাকে এগিয়ে আনতে।
নারী শিক্ষকরা যখন নির্মাণাধীন ভবনটার কাছে এলেন, ৩ তলায় কাজ করতে থাকা কয়েকজন শ্রমিক বিশ্রিভাবে "উউহ, আআহ" করে আওয়াজ করতে শুরু করলো।
আমার এত রাগ হয়ে গেল যে, আমি দাঁড়িয়ে গিয়ে উপররের দিকে তাকিয়ে থাকলাম। আমার স্ত্রী আমার হাত ধরে টান দিয়ে বললেন, "চলো! কারো সমস্যা হয় না, কেউ প্রতিবাদ করে না, তুমি একা ঝামেলায় পড়বে"।
দেশ ছেড়ে চলে গিয়ে মাছরাঙা টিভিকে টেলিফোনে জালাল উদ্দীন রুমি বলেছেন, "গত তিন দিন আমি যা শিখেছি, গত ২৯ বছরেও তা শেখেনি, কে নিরাপত্তা নাই, কে আমার নিরাপত্তা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে একটি ফোন দেয়নি কেউ। অথচ দুনিয়ার হাজার হাজার থ্রে’’’ট আমি পাচ্ছি।"
আসলেই তাই, এটাই বাস্তবতা, ভালো মানুষের বিরুদ্ধে দুষ্টু লোকেরা যতটা তৎপর তার ছিঁটেফোঁটা অংশ তৎপর নয় ভালো লোকেদের সুরক্ষা দেওয়ার কথা বলে বেতন নিতে থাকা লোকগুলো!
এ অসভ্য সমাজে / দেশে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সামনে আসলে ২টা পথ খোলা ১। দেশ ছেড়ে চলে যাওয়া ২। না যেতে পারলে এখানে হুমকির মুখে থাকা।
আমাদের
আজ আরও একটা ঘটনা দেখলাম, স্ত্রীকে আনতে যাওয়ার পথে। একটা নির্মাণাধীন ব্রিজের ঢালে ওঠার জায়গায় একটা বাহিনীর জিপ দাঁড়িয়ে। এমনভাবে দাঁড়িয়ে যে, তার সামনে কিছু নেই কিন্তু পিছনে জ্যাম লেগে গেছে। আমার স্ত্রীকে আনতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমার মতো হয়তো অনেকেরই দেরি হচ্ছে। কিন্তু তাতে তাদের কী! সাধারণ মানুষ সমস্যায় পড়লে তাতে তাদের কী?
আজ আমার যেতে আরেকটু দেরি হলে হয়তো আমার স্ত্রী একা পড়ে যেত। সবাই আগে আগে চলে গেলে আমার স্ত্রী একা আসতেন। বখাটে শ্রমিকগুলো, যারা অতগুলো নারীকে একসঙ্গে দেখেও অমন অশ্লীল আচরণ করতে পারে, তারা আমার স্ত্রীকে একা পেলে কেমন আচরণ করতো, কতখানি অসম্মানিত হতো সে? তা কি ওই বাহিনীর ওই গাড়িতে বসে রাস্তা আটকে রাখা ব্যক্তি বুঝবে?
এটাই এই দেশ! যেখানে শিক্ষা, ধর্ম কোনোকিছু ঠিকমতো কাজ করছে না। যেখানে ভালো থাকতে চাওয়া ভালো মানুষেরা ভালো থাকতে পারে না!
শেখ হাসিনার আমলে প্রতিবাদ করে লিখতে গিয়ে প্রাণ নাশের হুমকি পেয়েছিলাম। সেই থেকে লেখা বন্ধ করে দিয়েছি। মাঝেমধ্যে দু-একটা লেখা লিখতে গিয়ে থমকে যাই। কিন্তু সব দেখে আজ একটু না লিখে পারলাম না।
জালালউদ্দীন রুমি বলে গেছেন, "চিন্তা করিয়েন না ভাই, ঘটবে আপনাদের সাথে এইগুলা। এইগুলো ঘটতেই থাকবে, থামাইতে পারবেন না।"
Nuhu Abdullah's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।