ভারত যদি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাকিস্তানে ছয় দিনের সফরের সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তার কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা। তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন স্পিকার।
এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।
সূত্র: এনডিটিভি