ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল এসেছে, সেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে আবেদন জানানো হয়েছে।
দিল্লির কূটনৈতিক একটি সূত্র সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইল শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইল
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন করেছেন।
রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।