
খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। বিষয়টি জানার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রী। এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল। এ জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। তাতে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। এপিএস আবদুল আওয়ালের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাঁকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম আজ বুধবার বলেন, তাঁকে না জানিয়ে গুদাম পরিদর্শনের কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




















