শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহনের মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে। তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।
তিনি আরও জানান, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অবস্থায় মালিকপক্ষ তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তা চিন্তা করেন এবং বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করেন।
এদিকে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী দোলা পরিবহনের রাজধানী ঢাকার শ্যামলীতে অবস্থিত কাউন্টারে যোগাযোগ করা হয়েছে। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকেল থেকে বাস গোপালগঞ্জ বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে চালু রয়েছে। কবে নাগাদ গোপালগঞ্জ হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।





















