
অনলাইন শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় একদল নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা স্লোগান দিয়ে শহীদ মিনার রোডে প্রবেশ করেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। মিছিলের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের তৎপরতায় তারা সেটি করতে পারেননি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।




















