
অনলাইন শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি গ্রেফতার মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধা মাকসুদা বেগম হত্যা মামলার এক নম্বর আসামী সাদ্দাম ওরফে তাউরা সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের গভীর রাতেই রাজধানীর একটি হাসপাতাল থেকে তাকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়।
তবে হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে থাকা মামলার অন্যতম আসামি ও হামলার মূল হোতা সামাউন হাবিবকে গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত বৃদ্ধার নাম মাকসুদা বেগম (৬৪)। তিনি বন্দর থানার মাহমুদনগর কে এন সেন রোড এলাকার মৃত নাজির মিয়ার স্ত্রী। হামলায় গুরুতর আহত হন নিহতের ছেলে মো: রাসেল ইসলাম (৪৩) এবং ভাসুর মো: শফিকুল ইসলাম (৬২)।
স্থানীয় একাধিক সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সামাউন হাবিব এলাকায় ফিরে এসে বিএনপির নাম ভাঙিয়ে বীরদর্পে সন্ত্রাসী ও দখলদারি কার্যক্রম শুরু করেন। মূলতঃ নারায়ণগঞ্জ-০৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নাম ব্যবহার করে তিনি এলাকায় নিজস্ব বলয় ও একক আধিপত্য বিস্তার করে আসছিলেন। এই ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকার বহুজাতিক প্রতিষ্ঠান ইনসি সিমেন্ট ফ্যাক্টরির ঠিকাদারিত্ব, ওয়েস্টেজ (বর্জ্য) মালের একক নিয়ন্ত্রণ এবং ঐতিহ্যবাহী কর্ণফুলী ডকইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজের কব্জায় নেন। মামলার বিবরণী অনুযায়ী, নিহত মাকসুدا বেগমের ছেলে রাসেল ইসলাম ব্যবসা সূত্রে দীর্ঘদিন যাবত অভিযুক্ত সাদ্দাম হোসেনের কাছে ১৯,০০,০০০ (উনিশ লাখ) টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো বিএনপির নাম ভাঙানো প্রভাবশালী চক্রের প্রভাবে রাসেলকে নানা সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল আসামিরা। গত ১২ অক্টোবর ২০২৬ রাত অনুমান ০৮:৪৫ ঘটিকায় মাহমুদনগর এলাকায় ইনসি সিমেন্ট ফ্যাক্টরির ২য় গেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর রাসেল ইসলামকে পেয়ে গালিগালাজ শুরু করে সাদ্দাম। এর একপর্যায়ে সাদ্দাম হোসেন (২৮), সামাউন হাবিব (৫০), তায়েম হাবিব (২৮), ওয়ালিদ মুন্সী (৩০), খোকন মিয়া ওরফে তুরগআলী (৬০), মো: সিয়াম (২৩) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাসেল ইসলামের ওপর ঝাঁপিয়ে পড়ে। হুকুমের আসামি সামাউন হাবিবের নির্দেশে সাদ্দাম হোসেন রামদা দিয়ে রাসেলকে হত্যার উদ্দেশ্যে পিঠে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্য আসামিরা চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় রাসেলকে বাঁচাতে তার মা মাকসুদা বেগম এগিয়ে এলে আসামিরা রামদা দিয়ে তার মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে তার চাচা শফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও ধারালো দা দিয়ে কোপানো হয়, এতে তার বাম হাত কেটে মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা মাকসুদা বেগম মারা যান। গুরুতর আহত রাসেল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং শফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো: নাদিম মিয়া (৪৯) বাদী হয়ে সাদ্দাম হোসেন, সামাউন হাবিবসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের বক্তব্য:মামলা দায়েরের পরপরই অভিযানে নেমে ১ নম্বর আসামি সাদ্দাম হোসেনকে রাজধানীর একটি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিসহ আধিপত্য বিস্তারকারী মূল হোতা ও হুকুমের আসামি সামাউন হাবিবকে গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে। পুলিশ জানিয়েছে, আসামিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
যত প্রভাবশালীই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।





















