
অনলাইনশনিবার, ৩১ অক্টোবর ২০২৬
একাত্তরে যে সাপ ছোবল মেরেছিল, সুযোগ পেলে যে সে সাপ যে আবার ছোবল মারে তার উদাহরণ এটি।
.ইঞ্জিনিয়ার আব্দুর জব্বার ও ভীমনালীর গণহ’ত্যার কথা…
.পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি প্রান্তিক গ্রাম ভীমনালী। মুক্তিযুদ্ধের ২২শে মে সেই গ্রামে রাজাকার ও শান্তি কমিটি একটি পৈশাচিক গণহ’ত্যা চালায়। সেই গণহ’ত্যায় শহীদ হয়েছিলেন ভীমনালী গ্রামের ১৮ জন নিরীহ গ্রামবাসী।
.গণহত্যাটির নেতৃত্ব দিয়েছিলেন মঠবাড়িয়া থানার শান্তি কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর জব্বার। স্থানীয়ভাবে সে পরিচিত ছিল জব্বার ইঞ্জিনিয়ার নামে।
.একাত্তরে জব্বার ইঞ্জিনিয়ার মঠবাড়িয়ায় এক হাজারেরও বেশী লোক নিয়ে একটি রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেছিল।
.ভীমনালী গণহত্যার পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। ভীমনালীতে ছিল ৮০টি হিন্দু পরিবারের বাস। মে মাসের শুরুতে ইঞ্জিনিয়ার জব্বার ঠিক করলেন তার অঞ্চলে কোন হিন্দু থাকতে পারবেনা। সব হিন্দুকে হত্যা করতে হবে।
.১ মে আব্দুর জব্বার এক জনসভায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছিল ‘মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সমর্থক এবং এবং হিন্দুরা পাকিস্তানের প্রকাশ্য শত্রু। তাই তাদের সমূলে ধ্বংস করতে হবে।’
.এমন পরিস্থিতিতে ভীমনালী গ্রামের হিন্দু জনগোষ্ঠী ঠিক করলেন তারা ভারতে চলে যাবেন। কিন্তু তার আগেই ২২ মে সকাল ১০টার দিকে আব্দুর জব্বারের নেতৃত্বে তার বাহিনীর প্রায় ৫০০ রাজাকারের ভীমনালী গ্রামের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় হিন্দু গ্রামবাসীরা স্থানীয় বারুই পরিবারের বাড়ীতে জড়ো হয়েছিলেন।
.তখন ভীমনালী গ্রামের বাসিন্দারা দেখলেন মৃত্যু যেহেতু চলেই এসেছে। রাজাকারেরা যেহেতু তাদের ঘেরাও করে ফেলেছে তারাও এর শেষ দেখে ছাড়বেন। তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন। তখন প্রায় ২০০ গ্রামবাসী তখন লাঠি, বর্শা নিয়ে স্থানীয় ওয়াপদা বাঁধের উপর অবস্থান নেন।
.রাজাকারদের উদ্দেশ্য ছিল তারা কোন গুলি করবে না। মাথা কেটে হত্যা করবে। যেন গুলি খরচ না হয়। কিন্তু গ্রামবাসীদের এমন প্রতিরোধ অবস্থা দেখে রাজাকারেরা গুলি চালানো শুরু করলো। প্রথমে গ্রামবাসীরা বর্শা ছুঁড়লেও রাজাকারদের একটানা গুলির মুখে দাঁড়াতে পারছিলো না। প্রায় ২৫-৩০ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থাতেই শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। বাকি সব গ্রামবাসীরা সরে যেতে পেরেছিলেন।
.গ্রামবাসীদের বর্শার আঘাতে লালু খান নামের এক রাজাকার নিহত হয়েছিলো। এই গণহত্যার পর গ্রামে থাকা সব হিন্দু পরিবার শরণার্থী হয়ে ভারতে চলে যান। এবং যুদ্ধ শেষে প্রায় সব গ্রামবাসীই গ্রামে ফিরে এসেছিলেন।
.ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ভীমনালী গ্রামে এমন একটি পৈশাচিক গণহ’ত্যা হয়েছে এখানেই কি শেষ হবে। দেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে কি সেই হ’ত্যাকারীদের কি বিচার হবেনা?
হ্যাঁ ভীমনালী গণহ’ত্যার বিচার শুরু হয়েছিলো ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশেও। সেই গণহ’ত্যায় আহত অবস্থায় প্রাণে বেঁচে গিয়েছিলেন যজ্ঞেশ্বর বড়ুই নামের এক গ্রামবাসী।
.বিজয়ের ৫ মাস পরে ১৯৭২ সালের ১৯ এপ্রিল যজ্ঞেশ্বর বড়ুই ইঞ্জিনিয়ার আব্দুর জব্বারকে প্রধান আসামী ও ২৫৯ রাজাকারকে সহযোগী আসামী করে পিরোজপুরের মহকুমা আদালতে একটি মামলা দায়ের করেন।
.কিন্তু মামলা করার ৬ মাস পরে ভীমনালী গণহত্যার সেই নরঘাতক ইঞ্জিনিয়ার আব্দুর জব্বারের সহযোগিরা এক রাতে যজ্ঞেশ্বর বড়ুইকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে হ’ত্যা করে।
.কেবল যজ্ঞেশ্বর বড়ুইকে হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা। বিনোদ বিহারী বারুই নামে আরও এক সাক্ষী গ্রামবাসীকে শ্বাসরোধ করে হ’ত্যা করেছিলো তারা। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল, ইঞ্জিনিয়ার জব্বারের বিরুদ্ধে যে মামলা হয়েছিলো সেই মামলাটি আদালত থেকেই গায়েব হয়ে যায়।
.মানে জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলাটির নথি গায়েব। সুতরাং জব্বার ইঞ্জিনিয়ার কোন গণহ’ত্যা চালায়নি।
.যুদ্ধের পরবর্তীতে সেই দুর্ধর্ষ নরঘাতক জব্বার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছিলো জনপ্রতিনিধি। আশির দশকে এরশাদ আমলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতায় পরিণত হয়েছিলো জব্বার ইঞ্জিনিয়ার।
.১৯৮৬ সালের নির্বাচনে ভোট কারচুপি করে এমপিও হয়েছিলো জব্বার ইঞ্জিনিয়ার। তার ভোট ডাকাতি রুখতে রাস্তায় নেমেছিল মঠবাড়িয়ার মানুষ। এই রাজাকার কমান্ডারকে বাঁচাতে পুলিশ জনতার উপর গুলি চালাতেও কার্পণ্য করেনি।
সেদিন পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন ৪ জন গ্রামবাসী।
.কেবল এরশাদ আমলেই নয়, বিএনপি আমলেও পিরোজপুর-৩ আসন থেকে এমপি হয়েছিলো জব্বার ইঞ্জিনিয়ার। হয়েছিল এরশাদের জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও। দু দফায় জব্বার ইঞ্জিনিয়ার পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পদেও ছিল।
.মুক্তিযুদ্ধকালে শুধু ভীমনালী গ্রামের গণহ’ত্যাই নয়। জব্বার ইঞ্জিনিয়ারের নেতৃত্বে রাজাকারেরা মঠবাড়িয়ার সূর্যমণিতে গণহ’ত্যা চালিয়েছিল। গণহত্যা চালিয়েছিল বাড়ইবাড়িতে। এমনকি মঠবাড়িয়ার আটজন মেধাবী ছাত্রকে হ’ত্যা করে ফুলঝুড়ি গ্রামের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল সে ও তার সহযোগীরা।
মুক্তিযুদ্ধের সময় ফুলঝুরিতে ২০০ জন সনাতন ধর্মাবলম্বীকে জোরপূর্বক ধর্মান্তরিত করেছিলো জব্বার ইঞ্জিনিয়ার।
.নোলি গ্রামে জব্বার ও তার রাজাকার বাহিনী গণ হ’ত্যা চালিয়ে হত্যা করেছিলো ১১ জনকে। লুটপাট করে জ্বালিয়ে দিয়েছিলো ৬০টি বাড়ি।
আঙ্গুলকাটা ও মঠবাড়িয়া থেকে ৩৭ জনকে আটক করে হাত পা টুকরো টুকরো করে হত্যা করেছিলো ২২ জন নিরীহ মানুষকে। এদের প্রত্যেককেই মৃত্যুর আগে জোরপূর্বক ধর্মান্তর করেছিল তাঁরা।
.বিগত আওয়ামী লীগের আমলে দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে জব্বার ইঞ্জিনিয়ার ও তার ৭ সহযোগীর নামে মামলা হয়।
.কিন্তু এর এক বছর আগেই গোপনে দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় তার মেয়ের কাছে চলে যায় জব্বার ইঞ্জিনিয়ার।
.এরপর আর দেশে ফিরে আসেনি সে। ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহ’ত্যা, নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরিত করার অপরাধে পলাতক জব্বার ইঞ্জিনিয়ারকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছিল। কিন্তু ততোদিনে ইঞ্জিনিয়ার আব্দুর জব্বার আমেরিকায় আলিশান জীবন যাপন করছিল।
২০২০ সালে নব্বই বছর বয়সে একাত্তরের এই নরঘাতক মারা যায়। মৃত্যুর আগ অব্দি শহীদের রক্তে ভেজা এই মাটিতে এই নরকের কীটের কেশাগ্রও কেউ ছুঁতে পারেনি।
.লেখা: আহমাদ ইশতিয়াক
আহমাদ ইশতিয়াক’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















