
অনলাইন সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আমি গত বছরে আফগানিস্তানে কিছু সময় কাটিয়েছি। সেখানে গিয়ে মনে হলো, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের সমাধান প্রায় অসম্ভব। একদিকে তালেবান খাইবার পাখতুনখাওয়া (কেপিকে)-পাঞ্জাব সীমানায় অবস্থিত ‘অ্যাটক পুল’ পর্যন্ত এলাকা নিজেদের বলে দাবি করছে, যা পাকিস্তানের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি দাবি। অন্যদিকে পাকিস্তান আফগান তালেবানের বিরুদ্ধে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ কী বার্তা বহন করছে?
ক্রিস্টিন ফেয়ার: এটি একটি ঐতিহাসিক সমস্যা; পাকিস্তান যখন স্বাধীন হয়, তখন আফগানিস্তান ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে অস্বীকার করেছিল। আফগান সরকারের যুক্তি ছিল, পাকিস্তান একটি অবৈধ উত্তরসূরি রাষ্ট্র, যেখানে ব্রিটিশরা বলেছিল এটি একটি বৈধ উত্তরসূরি রাষ্ট্র এবং সীমান্তটি একটি বৈধ সীমান্ত। কিন্তু (পাকিস্তানের) স্বাধীনতার পর থেকে, প্রত্যেক আফগান শাসকই ডুরান্ড লাইন প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানিরা এমন একটি শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, যেখানে আফগানরা ডুরান্ড লাইন মেনে নেবে। সে কারণেই পাকিস্তান তালেবানদের সমর্থন করেছে।
পাকিস্তানের আশা ছিল, তালেবান শেষ পর্যন্ত সীমান্ত হিসেবে ডুরান্ড লাইন মেনে নেবে। কিন্তু তালেবানরা মানেনি। ফলে এটাই পরিস্থিতি যে তালেবানরা এই লাইনটি মেনে নিচ্ছে না, আর অপর দিকে পাকিস্তান সীমান্তবিরোধ নিষ্পত্তির আশায় তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখে চলেছে।
প্রথম আলো





















