একাধিক সূত্র জানিয়েছে, গুলশান ডিপ্লোমেটিক জোন হওয়ায় এর আশপাশ এলাকা ঘিরে চেকপোস্ট ও প্যাট্রলিং বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জে রণক্ষেত্র হওয়ার পর নিষিদ্ধ দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মিরপুরে অর্থদাতা হিসেবে উঠে আসে মিরপুরের সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং জিএমইএ-এর সাবেক সভাপতি ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নান কচির নাম। এ ছাড়া জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নসরুল হামিদ বিপু, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে অর্থদাতা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থদাতাদের নির্দেশ মানা ৫৭টি চক্রের শতাধিক সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছে ডিবি পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নাশকতা ঠেকাতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। গোয়েন্দারা কাজ করছে। কাউকেই নাশকতার সুযোগ দেওয়া হবে না। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। চেকপোস্ট, প্যাট্রলিং ও গুরুত্বপূর্ণ জায়গায় ফোর্স বাড়ানোর মতো সাধারণ পুলিশিংয়ের পাশাপাশি আরও গভীর গোয়েন্দা তথ্য পেতে তৎপরতা বাড়ানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নাশকতার টাকা লেনদেন হচ্ছে এটি মূলত বাংলাদেশ ব্যাংক দেখছে। তারাই বিষয়গুলো তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবে। আমাদের কাজ শুধু অপরাধী শনাক্ত করা ও গ্রেপ্তার করা। এটি আমরা করে যাচ্ছি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনসাধারণের জানমাল, সরকারি-বেসরকারি স্থাপনা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
রাজধানীতে স্কুলবাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ : রাজধানীতে একটি স্কুলবাসে গতকাল অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি পল্লবী থানা প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ১০০ ফুটে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা গেছে, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউদাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।
এ ছাড়া এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে টিএসসির মেট্রোরেল-সংলগ্ন মোড়, সিনেটভবনসহ কয়েক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তার আগে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পরে আরও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
এ ছাড়া ককটেল বিস্ফোরণ ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে পল্লবী থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে বলে জানা গেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায়। থানার গেটের ভিতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশ লাগে। এতে তিনি সামান্য আহত হন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আরও জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বলেন, মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, ধামরাইয়ে টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের কর্মীরাই এ ঘটনা ঘটাচ্ছে। বাস দুটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার করা সম্পদের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুনের ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।
এর আগের রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, দুই দিনে বাসে আগুন দেওয়ার বিষয়ে একটির অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। মামলা প্রক্রিয়াধীন।






















