আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ কাজ করছে কি না, তা নিয়ে জরুরি সচিব সভায় প্র
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দেন।
সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন তোলেন—প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের অভ্যন্তরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি মূলত সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও ক্রিমিনাল। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’ তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা ওই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এমন আবেদনের সুযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।





















