ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই প্রতিক্রিয়া জানান এই শিক্ষিকা।
নিজের নাচ নিয়ে চলা সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স বা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রলের শিকার হতে পারেন জেনেই ভিডিওটি শেয়ার করেছিলেন উল্লেখ করে মোনামি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করবেন। এই নাচের কারণে তার মনে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই, এটি ছিল কেবল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।






















