
সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাজপথে নামেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাওজোর এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, গাজীপুরা, গাছা ও আশপাশের এলাকায়।
শ্রমিক অসন্তোষের কারণে সোমবার থেকে কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে বেরিয়ে আসার সময় বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’




















