
অনলাইন বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ও দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে গত দুদিনে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দলটির কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, আ ক ম বাহার উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
গোপালগঞ্জসহ ও সারা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে ক্ষমতাচ্যুত দলটির সাবেক এমপি-মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে থাকা দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে থাকা তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয় এবং জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রবিউল ইসলামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা মিছিল শেষে এসব স্থাপনায় আগুন দিয়েছেন বলে জানা গেছে।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়, সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচ তলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে নয়টার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেন।
ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।





















