
অনলাইন বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
যে দেশ এখনো নিজস্ব প্রযুক্তিতে ১০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি, সেই দেশ আবার ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির জ্বালানি আমদানি করবে—এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত?
সম্প্রতি ইন্দোনেশিয়ার নৌবাহিনী চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরগামী একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে প্রায় ৪০৭ টন সোডিয়াম পারক্লোরেট ছিল । এই রাসায়নিক কঠিন রকেট জ্বালানির অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয়। এই পরিমাণ রাসায়নিক দিয়ে ইরানের সবচেয়ে উন্নত ১,৫০০ কিলোমিটার রেঞ্জের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের প্রায় ১০০–১৫০টির জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করা সম্ভব।
এখন প্রশ্ন হলো, বাংলাদেশের একসঙ্গে ৪০৭ টন এই রাসায়নিক আমদানির প্রয়োজনীয়তা কতটুকু? যেখানে বছরে বাংলাদেশে এই রাসায়নিকের চাহিদা মাত্র কয়েকশ কেজি থেকে কয়েক টন। বাংলাদেশ এখন পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি কিংবা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের সক্ষমতা দেখাতে পারেনি। সেখানে হঠাৎ এত বিপুল পরিমাণ রাসায়নিক আমদানির প্রয়োজনীয়তা কী? এমনকি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত স্বীকারও করেনি যে তারা এই রাসায়নিক আমদানি করছে।
এখানে মূলত দুটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
১. বর্তমানে ভারত বাংলাদেশের সরকারকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে চাপে ফেলতে পরিকল্পিতভাবে এমন কোনো পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে আসে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো যেভাবে ঢালাওভাবে বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িয়ে খবর প্রচার করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাতে বিষয়টি নিয়ে সন্দেহ ও প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। এটি বৃহত্তর কোনো রাজনৈতিক প্রচারণার অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
২. চীন থেকে জাহাজটির বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছাতে ১২–১৫ দিন লাগার কথা থাকলেও ইন্দোনেশিয়া পর্যন্ত আসতেই সময় লেগেছে প্রায় ৫৫ দিন। এ ছাড়া জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ থাকার বিষয়টিও সামনে এসেছে।
তাহলে কি জাহাজটি বাংলাদেশের বন্দরের নাম ব্যবহার করে পণ্য পরিবহন করছিল, অথচ মাঝসমুদ্রে অন্য কোনো জাহাজে কনটেইনারগুলো স্থানান্তরের পরিকল্পনা ছিল? এমন সম্ভাবনাও তদন্ত করে দেখা প্রয়োজন।
বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় কাঁচামাল চীন থেকে বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করে নিজ দেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় নিলে, জাহাজটির প্রকৃত গন্তব্য ও পণ্যের চূড়ান্ত ব্যবহার নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়। তবে রাসায়নিকগুলো ইরানের জন্য পাঠানো হচ্ছিল—এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো সামনে আসেনি।
কিছুদিনের মধ্যেই হয়তো তদন্ত থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। বর্তমানে ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।
বাংলাদেশের নাম ব্যবহার করে এত বিপুল পরিমাণ রাসায়নিক পরিবহনের পেছনে প্রকৃত ঘটনা কী, সেটি নিশ্চিত হওয়া জরুরি। এখনো প্রকৃত ঘটনা সামনে আসেনি। অথচ এরই মধ্যে ভারতের সংবাদমাধ্যমগুলো যেভাবে লাফালাফি শুরু করেছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করছে তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক—এটি কি বাংলাদেশের বিরুদ্ধে বৃহত্তর কোনো পরিকল্পিত প্রচারণার অংশ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে?
মাসিক কারেন্ট ওয়ার্ল্ড’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















