
ঢালিউড তারকা মাহিয়া মাহি তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অসভ্য মুরাদ ও বিহারিদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’
মাহি সবার উদ্দেশে বলেন, ‘আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে, উনি (মুরাদ হাসান) বলছেন, ও তো আমার ফোন ধরবে না। তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম।’
মাহি তাঁর ভিডিওতে বলেন, ‘অডিওতে উনি (মুরাদ হাসান) স্পষ্টভাবে বলছেন, র্যাব পাঠাব, পুলিশ পাঠাব, এনএসআই পাঠাব, ডিজিএফআই পাঠাব। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকত, তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে।’
ঢালিউড তারকা মাহির দাবি, বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যাঁদের চিনতাম, যাঁরা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি (মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন।’
ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টানেন মাহি। তাঁর ভাষ্যমতে, ‘আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে অবশ্যই বিষয়টি জানাতাম। আমি বিশ্বাস করি, তিনি ব্যবস্থা নিতেন। কিন্তু তাঁর কাছে পৌঁছাতে না পারায় আমাকে বিষয়টি ভদ্রভাবে সামলাতে হয়েছে।’
মাহি আরও বলেন, ‘অনেকে বলছেন, উনি (মুরাদ হাসান) গালিগালাজ করলেও আমি হেসে কথা বলেছি। আমি কী করতাম? আমি যদি গালিগালাজ করতাম, পরে আমার কোনো ক্ষতি হলে তার দায়িত্ব কে নিত?’




















