
গ্রেপ্তাররা হলেন মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। এরমধ্যে রায়হান উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তিনি আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
এর আগে, ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















