
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় কর্মসূচি হিসেবে কলকাতার কেন্দ্রস্থলে একটি ‘অনশন কর্মসূচি’ পালন করছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেতাদের ওপর হামলা ও দল ভাঙার চেষ্টার অভিযোগ তোলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অনশন মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, ‘লড়ব, না হলে মরব। বিজেপিকে ক্ষমতা থেকে সরানো পর্যন্ত আমি থামব না।’
তবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই কর্মসূচিতে দলের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৫ জন অনশনে অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মাত্র ৩ জন সাংসদ। এই কম উপস্থিতি দলটির অভ্যন্তরীণ সংকট ও সম্ভাব্য বিভক্তি নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে।
এ ছাড়া ধর্মতলার কর্মসূচিতে উপস্থিত বিধায়কদের মধ্যে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব ও অসীমা পাত্র। সাংসদদের মধ্যে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এমন পরিস্থিতিতে মমতার এই অনশন একদিকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেও, অন্যদিকে দলের ভেতরের দুর্বলতাও প্রকাশ্যে নিয়ে এসেছে
























