
পরপর তিন নারীর হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়াজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পৃথক মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত আঁখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী থানার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে। আটক জাহিদ হাসান একই জেলার নালিতাবাড়ি থানার সিটপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোকসানা বেগম দুবাইপ্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকায় তাদের বাড়ি। প্রায় দুই মাস আগে মরিচকাটা এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করেন তারা।
পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পানির ট্যাংক দেখতে ভবনের ছাদে যান রোকসানা। দীর্ঘ সময়েও নিচে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাদে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার এসআই নূর আমিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, আর্থিক লেনদেন কিংবা পরকীয়াসহ সম্ভাব্য সব বিষয় সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার পাগলাবাজার সংলগ্ন এলাকায় দেলোয়ার হোসেন দেওয়ানের ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তানিয়া পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন। বুধবার বিকেলে বিছানার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন এবং শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তানিয়া খাতুন সাতক্ষীরা সদর থানার বাগডাঙ্গা এলাকার মিজানুর রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হওয়া তিন নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সকালে স্ত্রী হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। বাকি দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।





















