
অনলাইন শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হাটহাজারী আসন হতে সাড়ে বারশ’ ভোটের ব্যবধানে ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করা এম. এ ওহাবের কিছু অজানা তথ্য, একটা বঞ্চনার গল্প এবং ১৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
মরহুম এম. এ ওহাব হাটহাজারী থানা মুসলিম ছাত্রলীগের প্রথম কমিটির সভাপতি ছিলেন।
তিনি হাটহাজারী মাদ্রাসার ছাত্র মাওলানা আহমদুর রহমান আজমীর সাথে মিলে ১৯৪৮ সালের প্রথম দফার ভাষা আন্দোলন সংগঠিত করেন।
তিনি ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে পাকিস্তানের পক্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে তৎকালীন অধ্যক্ষ জনাব আবু হেনা কর্তৃক দুই বৎসরের জন্য বহিষ্কার হন।
১৯৪৮ সালে চট্টগ্রাম কলেজ ছাত্র কেবিনেটে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।
১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে চট্টগ্রামে সক্রিয় অংশগ্রহণ করার কারণে এম. এ ওহাবের উপর হুলিয়া জারি হওয়ার ফলে বি.এ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা তাঁর সম্ভব হয়নি।
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে হাটহাজারী-পাঁচলাইশ এলাকায় যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক সুলতানুল আলম-এর পক্ষে নির্বাচনীয় প্রচারণা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঐ নির্বাচন চলাকালে হাটহাজারী ডাকবাংলো প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় এ কে ফজলুল হক প্রধান অতিথি ও মওলানা ভাসানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব ওহাব উক্ত সভা পরিচালনার দায়িত্ব পালন করেন।
যুক্তফ্রন্ট নির্বাচনের পর পর জনাব এম এ আজিজ হাটহাজারী ডাকবাংলো প্রাঙ্গণে আওয়ামী লীগের এক কর্মিসভা আহবান করেন এবং ঐ সভাতে মোহাম্মদ ইদ্রিস সওদাগরকে সভাপতি ও এম. এ ওহাবকে সাধারণ সম্পাদক করে হাটহাজারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি গঠন করেন।
১৯৫৪-এর প্রাদেশিক পরিষদ নির্বাচন, ১৯৬৬-এর ৬ দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে এম. এ ওহাবের সক্রিয় অংশগ্রহণ ছিল।
১৯৫৫ খ্রিস্টাব্দে জেলা বোর্ড নির্বাচনে হাটহাজারী আসন হতে তিনি সাড়ে বারশ’ ভোটের ব্যবধানে ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করে সদস্য নির্বাচিত হন।
১৯৫৫ খ্রিস্টাব্দে এম.এ. ওহাব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ তে সহ-সভাপতি ছিলেন।
পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ চরম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় এবং দলকে সে অবস্থা থেকে উত্তরণে জনাব এম এ ওহাব শক্ত হাতে দলের হাল ধরেন।
পুনরুজ্জীবনের পর তাঁকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে দলকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব প্রদান করা হয়। ১৯৮০-৯২ পর্যন্ত সভাপতি পদে বহাল ছিলেন এবং এরপর তিনি আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এম.এ ওহাব ১৯৭০ এর নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন, সে সময় মোহাম্মদ খালেদ রাউজান-হাটহাজারী এলাকা থেকে জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।
এম. এ ওহাবের নেতৃত্বে ১৯৭১ এর ৩ এপ্রিল ক্যান্টনমেন্ট আক্রমণ করে হাটহাজারীর বীর ছাত্র-জনতা সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনী।
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান ছিলেন তিনি।
মুক্তিযুদ্ধে তিনি সাবরুম অভ্যর্থনা শিবিরের প্রধান রাজনৈতিক সমন্বয়কারী ছিলেন।
১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জনাব ওহাবকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় এবং তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।
একটা দুঃখজনক ঘটনা ও বঞ্চনার গল্প
——————— ————- ———————
দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও চট্টগ্রাম নগরের কোথাও নির্লোভ রাজনীতির পথিকৃৎ এম.এ ওহাবের নামে কোনো প্লট বা ফ্ল্যাট না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মানস্বরূপ একটি প্লট বরাদ্দের নির্দেশ দিয়েছিলেন সিডিএ’কে এবং তাঁর নামে অনন্যা আবাসিক এলাকায় ৪ কাঠা জমির একটা প্লট বরাদ্দও দেওয়া হয়।
সব টাকা নিয়ে রেজিস্ট্রেশনের ছয় মাস পরে সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম এ প্লট বাতিল করে দেন।
২০১৪ সালে বাতিলকৃত ২৭টি প্লটের মধ্যে এটিও ছিল। পরবর্তী সময়ে অন্যদের প্লট ফিরিয়ে দিলেও এই প্লট ফিরিয়ে দেয়নি সিডিএ।
এ প্লট বরাদ্দ বাতিল করার পর পরিবারের পক্ষ থেকে করে ছালামসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সাহায্য করা তো দূরের কথা উল্টো খারাপ ব্যবহার করেছেন।
এ বিষয়ে পরবর্তী সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে জানানো হলে তিনিও কোনো সমাধান দিতে পারেননি।
উল্লেখ্য, ২০১১ সালের ২২ সেপ্টেম্বর আবদুল ওহাবকে ৪ কাঠা জমির একটি প্লট বরাদ্দ দেয়া হয় । সিডিএ’র ৩৯৬তম সভায় এ প্লট বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
প্লটের বরাদ্দপত্র পাওয়ার পর কয়েক দফায় সিডিএ’র অনুকূলে আবদুল ওহাব ১১ লাখ ৩৪ হাজার টাকা জমা দেন। এরপর তিনি মারা যান। পরে তাঁর স্ত্রী-সন্তানরা ওই প্লট বরাদ্দ পাওয়ার জন্য ২০১৩ সালের ২২ মার্চ সিডিএ চেয়ারম্যানের কাছে আবেদন করেন।
আবেদন করার পর সিডিএ ২০১৪ সালের ৩ জুন প্লট বরাদ্দের বিষয়ে একটি চিঠি দেয় আবদুল ওহাবের পরিবারের কাছে। ওই চিঠিতে সিডিএ’র পক্ষ থেকে বলা হয়, সরকারি নীতিমালার পরিপন্থি ২৭টি প্লট বরাদ্দ দেওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে। যার মধ্যে এম আবদুল ওহাবের প্লটও রয়েছে। পরবর্তী সময়ে অন্যদের প্লট ফিরিয়ে দিলেও এম এ ওহাবের প্লট ফিরিয়ে না দিয়ে তাঁর পরিবারকে বিমুখ করে সিডিএ।
দীর্ঘ ২৮ বছর ইউনিয়ন বোর্ডের প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মরহুম খলিলুর রহমানের সন্তান এম. এ ওহাব
১৯২৪ সালে ১ মার্চ হাটহাজারি উপজেলার ফতেপুরে জন্মগ্রহণ এবং ২০১১ সালের ২৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা।
জহির উদ্দিন চৌধুরী টিপু,
সাবেক সদস্য,
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
Jahir Uddin Chy Tipu’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















