কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে ছয়জন ব্যক্তি কারখানার কার্যালয়ে প্রবেশ করেন, যাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, অন্য ডাকাতির ঘটনার মতো ইউরো গ্যাস কারখানার ডাকাতির ঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজে কার্যালয়ে ঢোকা ছয় ব্যক্তির মধ্যে তিন থেকে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ওসি আরও জানান, কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার লুট করে নিয়ে গেছে, যার ওজন প্রায় আড়াই টন। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি।
এ বিষয়ে কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, ডাকাতেরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছে তা হিসাব করা হচ্ছে এবং এ ঘটনায় তাঁদের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।





















