
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার
এক ছাত্রীর বাবা প্রথম আলোকে মুঠোফোনে জানান, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। পরে তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে ভিন্ন কথা বলছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান। মুঠোফোনে তিনি জানান, ওই তিন তরুণী বুধবার বিকেলের দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালে যাত্রীদের বসার জায়গায় ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে তারা সিলেটে বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হ য়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে। এরপর দুপুরের দিকে সিলেটে এসে পৌঁছায়। তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।





















