
অনলাইন ১৭ জুলাই ২০২৬
জুলাই বিপ্লব সম্বন্ধে আমার দুটি কথা।
আমি কোন বিশেষজ্ঞ নই, কোন বিখ্যাত লোক নই, আমি হলাম একেবারে কেউনা দের দলে। আমরা হলাম পাবলিক, একেবারেই স্ট্যাটাস হীন আপামর পাবলিকের দলে।
আমার মত আমার অনেক বন্ধুবান্ধবআছেন, সামরিক এবং বেসামরিক। আমরা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রত ভাবে জড়িত ছিলাম, আমাদের অনেকেই যুদ্ধ করেছে, আবার অনেকে করে নাই। আমরা নিঃস্বার্থভাবে দেশকে ভালবাসি, আমাদের কোন ধান্দাবাজি নেই, আমরা কোন দেশের দালাল নই। আমরা কোন দলেরও দালাল নই। আমি আপনাদেরকে এ ব্যাপারে নিশ্চিত করতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমি নিজে কোন রেডিক্যাল আইডিয়াতে বিশ্বাস করিনা, আমি ন্যাশন স্টেট এই কনসেপ্টে বিশ্বাস করি।
আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করিনা। আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করিনা, বাঙালি জাতীয়তাবাদ একটা ভান্ত ধারণা। আমি বিশ্বাস করি যে ব্যক্তিগত আইডেন্টিটি পছন্দের ব্যাপার। আমি বাঙালি, বাংলাদেশী অথবা মুসলমান যেকোনো একটাতে আইডেন্টিফাই করতে পারি আমার ইচ্ছা মতো। ৭২ এর সংবিধানে লেখা ছিল বাংলাদেশের সবাই বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটা ঠিক ছিল না। এটা জোর করে চাপানো হয়েছিল, বাঙালি ছাড়াও বাংলাদেশে বেশ কতকগুলি নৃ গোষ্ঠী আছে যারা বাঙালি নয়। আমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার দেখতে চাই, সরকার জনগণের স্বাধীনতা,সাংবিধানিক অধিকার এবং মর্যাদাকে সম্মান করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে প্রজাতন্ত্রের সকল কর্মচারী জনগণের প্রতিনিধি এবং সেবক, মালিক নন, প্রভু নন।
বাংলাদেশের শতকরা ৯০ জন মুসলমান এবং তাদের ধর্ম ইসলাম। যারা মুসলমান অন্য ধর্মের লোকের মত তাদেরও এটা বলার অধিকার আছে যে তারা মুসলমান। আমাদের ধর্ম ধর্মীয় ব্যাপারে বল প্রয়োগ করে না, আমাদের ধর্ম অন্য জাতির লোকদের সম মর্যাদার সঙ্গে আচরণ করতে বলে কথায় এবং কাজে। আমি এমন বাংলাদেশে বিশ্বাস করি যেখানে সকল ধর্ম ও বর্ণের লোকদের সমান অধিকার মর্যাদা ও সুযোগ থাকবে। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই অধিকারগুলি আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যেন সমাজে কোন বৈষম্য না থাকে। আমাদের রাজনীতি এবং সমাজ হবে দুর্নীতি মুক্ত, পক্ষপাত শুন্য। আমাদের রাজনীতি প্রশাসন এবং সামাজ কোনরকম দলবাজি, দুর্নীতি এবং আইন হীনতাকে প্রশ্রয় দেবে না।
প্রজাতন্ত্রের সকল নিয়োগ ও পদোন্নতি দুর্নীতিমুক্ত হতে হবে। রাষ্ট্রের কাজ হবে গতিশীল অর্থনীতি ও উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যাপক যোগ্য নেতৃত্ব পেশাদারিত্ব এবং কারিগরি ভাবে দক্ষ জনবল সৃষ্টি করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা । রাষ্ট্র কোনরকম সুবিধাভোগী বা লুটেরা জনগোষ্ঠী সৃষ্টি করবে না। এমন দেশ ও সমাজ সৃষ্টি করতে হলে সৎ যোগ্য ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ও কর্মী সৃষ্টি করতে হবে। মুষ্টিমেয় কিছু লোকের রাজনীতিতে অংশগ্রহণ কেবল লুটেরা এবং দুর্বৃত্ত নেতা ও রাজনীতির সৃষ্টি করে, আওয়ামী দের আমলে যেটা হয়েছিল। বাংলাদেশের রাজনীতি এখনো এই দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে পারেনি। প্রতিবছর বাজেট বেলুনের মতো ফোলানো হচ্ছে আর বিশাল উন্নয়নের কল্প কাহিনী শোনানো হচ্ছে। আমাদের সাধারণ জনগণ এবং অর্থনীতি কিন্তু ভীষণ সংকটের মধ্যে আছে।
রাজনীতিতে জনগণ বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোকদের অংশগ্রহণ করতে হবে, নিদেন পক্ষে সরকার ও রাজনীতির ওপরে মতামত দিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং নিচে উপরে যোগাযোগ রাখতে হবে। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাজনীতিতে ধনী গরিব, উচ্চশিক্ষিত অল্প শিক্ষিত, সবাই সমান, যাকে বলে বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা। রাজনীতি এবং প্রশাসনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।
রাজনৈতিক দলগুলো যদি আমার এই মতামত গ্রহণযোগ্য মনে করেন তাহলে তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে সেটাকে সমর্থন করুন, এনডোর্স করুন। আমি সরকার দলকেও একই অনুরোধ জানাব। প্রফেসর ইউনূসের সময় লোকে কথা বলতে ভয় পেতো, এখনো ভয় পায়। আমাদের দেশে এত পন্ডিত লোক আছেন, শিক্ষিত লোক আছেন, তারা একেবারে চুপ, কথা বলতে ভয় পান, মতামত রাখতে ভয় পান। আমি আশা করব আমাদের রাজনৈতিক দলগুলো এখন গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিয়ন্ত্রিত শাসন সম্বন্ধে এখন তাদের মূল্যবান মতামত দেবেন । আমাদের রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই বদলাতে হবে, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাতে হবে। আর কোন ধনী গরিব উচ্চ নিচ ভেদাভেদ নয়, মানুষ হিসেবে আমরা সবাই সমান। এটাই হচ্ছে সত্যিকারের গণতান্ত্রিক আদর্শ এবং বৈষম্যহীন সমাজের নিদর্শন। @highlight
পুনশ্চ : আজ পর্যন্ত বড় ৪-৫ টি দলের কোন রাজনৈতিক নেতা আমার বা আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে নাই। আমাদের মতামত তারা শুনতে চান নাই। আমাদের বয়স ৭৫ এর উপরে, আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম এবং আমাদের কর্মজীবনে আমাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে যথাসাধ্য দেশের সেবা করেছিলাম। আমরা চোর ছিলাম না, ধান্দাবাজও ছিলাম না। কিন্তু এইসব credentials এর কোন দাম নেই রাজনীতির গডফাদারদের কাছে কারণ তারা হয় দ্বিতীয় আসমানে থাকেন নয়তো তৃতীয় আসমানে থাকেন আর তাদের আছে অগণিত ভক্ত ও সেবক বৃন্দ।
Fazlur Rahman’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















