
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার বা ট্রেলারের আশা করলেও নির্মাতারা উপহার দিলেন একটি দুর্দান্ত মিউজিক ভিডিও, যা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কালজয়ী রোমান্টিক রসায়নকে নতুন করে পর্দায় নিয়ে এসেছে।
গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ-দীপিকার প্রেম জমে ওঠে। শাহরুখকে দেখা গেছে চেনা সব চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে, অন্যদিকে দীপিকা বরাবরের মতোই রূপের দ্যুতি ছড়িয়েছেন। তবে শুধু প্রেম নয়, এই গানে লুকিয়ে আছে এক চরম উত্তেজনার গল্প। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে থাকা শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটির ইঙ্গিত মিলেছে এখানে।
হঠাৎ করেই রোমান্টিক আবহ বদলে গিয়ে পর্দায় ফুটে ওঠে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। সেখানে শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার লুক, গায়ে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে নির্মম ফাইট সিকোয়েন্স নজর কেড়ে নেয়।
শচীন-জিগরের সুরে সাজানো এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। এতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত।
৩৪ বছর আগে এক তরুণ স্ক্রিনে এসেছিলেন ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানটি দিয়ে। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল, চোখে বড় স্বপ্ন নিয়ে পর্দায় আসার তিন দশক পার করা সেই তরুণ আজ বলিউড বাদশা। শুধু ভারতের নয়, পুরো বিশ্বের কোটি হৃদয়ের রাজপুত্র শাহরুখ খান। ৬১তম জন্মদিনে দাঁড়িয়ে তার রোমান্টিকতা ও জীবনের পাঠ এখনো সিনেমার অঙ্গনে তরুণদের জন্য আদর্শ।
সূত্র: এনডিটিভি মুভি





















