বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। তার আগে ঢাকার সঙ্গে যোগাযোগ করে নিজের নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চাইলেন তিনি। সংবাদসংস্থা এপি জানিয়েছে, সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছেন। সেখানেই পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে। দেশে ফেরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন হাসিনা-ঘনিষ্ঠেরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য এখনও জানা যায়নি।
২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। ইস্তফা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। তার পর বাংলাদেশে দেড় বছর ক্ষমতায় ছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সেখানে সরকার গঠন করেছে। দেশ ছাড়ার পর থেকে হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। ঢাকা একাধিক বার তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। পরে হাসিনা জানান, তিনি নিজেই দেশে ফিরতে চান। পাসপোর্ট চেয়ে দূতাবাসে চিঠি দেশে ফেরার ক্ষেত্রে তাঁর প্রথম সরকারি পদক্ষেপ।
দেশ ছাড়ার পর বাংলাদেশে ক্ষমতাসীন তৎকালীন সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করেছিল বলে অভিযোগ। ফলে বাংলাদেশের নাগরিক হিসেবে বৈধ কোনও নথি বা পরিচয়পত্র এখন তাঁর কাছে নেই। হাসিনা বার বার দাবি করেছেন, যে কোনও উপায়ে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তাঁর আইনজীবী দূতাবাসকে লেখা চিঠিতে প্রত্যাবর্তনের উপর জোর দিয়েছেন বলে খবর। ভারতে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ করা হয়েছে। হাসিনা ঘনিষ্ঠ আবু ওবাইদা আরিন এপি-কে বলেছেন, ‘‘এটা তাঁর (হাসিনার) দেশে ফেরার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগের সরকার তাঁর নথিপত্র বাতিল করে দিয়েছিল। এখন তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজের মৌলিক অধিকার ফিরে পাওয়ার এবং প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার অপেক্ষায় আছেন। ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেনই।’’
বাংলাদেশের সরকার হাসিনাকে পাসপোর্ট দেবে কি না, এখনও স্পষ্ট নয়। সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনকি, আদালতের সাজা কার্যকরও করা হতে পারে। হাসিনা যদিও দাবি করেছেন, গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কা তাঁকে ঠেকাতে পারবে না। তিনি দেশে ফিরবেন। যদি মৃত্যু আসে, নিজের দেশের মাটিতেই তিনি মরতে চান। কিছু দিন আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবীর হাসিনাকে পাসপোর্ট দেওয়ার বিষয়টি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁরা ফেরত চান। তাঁর কথায়, ‘‘উনি কি এখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব? শেখ হাসিনা আসলে পলাতক সন্ত্রাসবাদী। এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে তিনি পালিয়ে গিয়েছেন। সন্ত্রাসবাদী বা অপরাধীদের ধরার জন্য আমাদের সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাদের ধরতে কোনও পাসপোর্ট লাগে না, তাদের হস্তান্তর করতে হয়।’’ তার কিছু দিনের মধ্যেই হাসিনা আনুষ্ঠানিক ভাবে তারেক সরকারের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট চাইলেন।
আনন্দবাজার ডট কম ডেস্ক