
সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ। ছবি: সংগৃহীত
কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ প্রসঙ্গে তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল বলেন, সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে দুটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গত ১০ আগস্ট তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।





















