বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া অডিওতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লবের কথোপকথন শোনা যায়। এতে বিএনপি ও জামায়াতের নেতাদের হত্যার পাশাপাশি তাদের বাড়িঘরে আগুন দেওয়া এবং হামলার দায় অন্য পক্ষের ওপর চাপানোর পরিকল্পনার কথা বলতে শোনা গেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, মুঠোফোনে নির্দেশনা দেওয়া ব্যক্তি এ এইচ এম বিপ্লব।
জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হতে আগ্রহী জানিয়ে অডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, তার জন্য মিছিল করা যাই কি না, দেখতে হবে। মিছিল বলতে, ব্যানারে তাঁর নাম থাকবে, শেখ হাসিনার নামও থাকবে। শিরোনাম থাকবে—শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু ও তাঁর বাবা আবু তাহেরর ছবি থাকবে।
অডিওর বিষয়ে জানতে এ এইচ এম বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হয়। তিনি কল রিসিভ করেননি। জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
এ এইচ এম বিপ্লব লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। এ ছাড়া জেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বিএনপি নেতা নুরুল ইসলামকে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এ এইচ এম বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে বের হয়ে আসেন। শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করেন রাষ্ট্রপতি।
বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সালাহ উদ্দিন টিপু বর্তমানে পলাতক।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় হওয়া দুটি মামলায় বিপ্লবও আসামি। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।





















