ইসলামি ব্যাংক নামের সঙ্গে ‘ইসলামি’ শব্দটি যুক্ত থাকলেই ব্যাংকটির সব ধরনের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে শরিয়াহসম্মত হয়ে যায় না। আবার কোনো ইসলামি ব্যাংক প্রচলিত সুদভিত্তিক ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করলেই ওই ব্যাংকের সব গ্রাহকের লেনদেন হারাম হয়ে যায়—এমন সিদ্ধান্তেও পৌঁছানো ঠিক নয়। বিষয়টি নির্ভর করে লেনদেনের ধরন, চুক্তির শর্ত এবং অর্থের উৎসের ওপর।
ইসলামে সুদ বা রিবা স্পষ্টভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামি ফিকাহবিদদের আলোচনায় সুদের লেনদেনের পাশাপাশি সুদভিত্তিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাই কোনো ইসলামি ব্যাংক অন্য ব্যাংক থেকে সুদ গ্রহণ করলে সেখানে হিসাব খোলা, টাকা জমা রাখা, অর্থ স্থানান্তর কিংবা অন্যান্য সেবা গ্রহণের বিধান এক রকম হবে না।
পবিত্র কোরআনে সুদের বিষয়ে অত্যন্ত কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা আল-বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ অর্থাৎ ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফা এবং ঋণের বিপরীতে নির্ধারিত সুদকে একভাবে দেখার সুযোগ নেই।
একই সুরার ২৭৮ নম্বর আয়াতে মুমিনদের সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরের আয়াত অর্থাৎ ২৭৯ নম্বরে সুদের কারবার থেকে বিরত না থাকার বিষয়ে কঠোর সতর্কবার্তা রয়েছে।
সহিহ মুসলিমের ১৫৯৮ নম্বর হাদিসে হজরত জাবির (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেনদেনের লেখক এবং এর দুই সাক্ষীকে অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, তারা সবাই পাপের ক্ষেত্রে সমান।
এই হাদিস থেকে বোঝা যায়, সুদের লেনদেনে শুধু অর্থ গ্রহণকারী নয়, বরং চুক্তির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিদেরও দায় রয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক ইসলামি ফিকাহ একাডেমির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অধীন এই একাডেমি ১৯৯৫ সালে ব্যাংক আমানত নিয়ে ৮৬ নম্বর সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্তে বলা হয়েছে, প্রচলিত সুদভিত্তিক ব্যাংকে সুদ পাওয়ার শর্তে অর্থ জমা রাখা শরিয়াহসম্মত নয়। অন্যদিকে শরিয়াহ মেনে মুদারাবা চুক্তির ভিত্তিতে পরিচালিত বিনিয়োগ হিসাবে অর্থ জমা রাখা বৈধ হতে পারে।
একই একাডেমি ২০১৮ সালে ২২২ নম্বর সিদ্ধান্তে ইসলামি ও প্রচলিত—উভয় ধরনের ব্যাংকের চলতি হিসাবকে শরিয়াহর দৃষ্টিতে ঋণ হিসেবে বিবেচনা করেছে। এ ধরনের হিসাবে গ্রাহকের আমানতের বিপরীতে সুদ দেওয়া নিষিদ্ধ। তবে চলতি হিসাবের কিছু সাধারণ ব্যাংকিং সুবিধা শরিয়াহসম্মত হতে পারে বলে একাডেমি উল্লেখ করেছে।
ইসলামি ব্যাংক প্রচলিত ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবে?
বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং পরিচালনা-সংক্রান্ত নির্দেশিকায় প্রচলিত ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে শরিয়াহবিরোধী কার্যক্রম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনের সীমার মধ্যে প্রচলিত ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং সুদমুক্ত লেনদেনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অর্থাৎ কোনো ইসলামি ব্যাংক যদি প্রচলিত ব্যাংকে অর্থ জমা রাখে, তাহলে সেই অর্থের বিপরীতে সুদ গ্রহণ করছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। প্রয়োজনের কারণে সুদমুক্ত হিসাবে অর্থ রাখা এবং সুদ গ্রহণের শর্তে অর্থ জমা রাখা এক বিষয় নয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কোনো ইসলামি ব্যাংক যদি অন্য ব্যাংকের সঙ্গে সুদভিত্তিক লেনদেন করে, তাহলে সেই নির্দিষ্ট লেনদেনের শরিয়াহসম্মততা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু শুধু এ কারণে ওই ব্যাংকের প্রত্যেক গ্রাহকের সব ধরনের লেনদেনকে সরাসরি হারাম বলা যাবে না।
উদাহরণ হিসেবে, কোনো গ্রাহক যদি ইসলামি ব্যাংকে চলতি হিসাব খোলেন এবং সেখানে সুদ গ্রহণ বা প্রদানের কোনো চুক্তি না থাকে, তাহলে শুধু ব্যাংকটির অন্য কোনো কার্যক্রমের কারণে গ্রাহকের ওই হিসাবকে সুদভিত্তিক লেনদেন বলা যাবে না। তবে গ্রাহক যদি সুদযুক্ত ঋণ, আমানত বা অন্য কোনো নিষিদ্ধ চুক্তিতে অংশ নেন, তাহলে তার বিধান আলাদা হবে।
অন্যদিকে ব্যাংক যদি নিয়মিত সুদ গ্রহণ করে এবং সেই অর্থ নিজেদের মুনাফা হিসেবে ব্যবহার করে, তাহলে বিষয়টি আরও গুরুতর। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের দায়িত্ব হলো এ ধরনের কার্যক্রম শনাক্ত করা, নিষিদ্ধ আয় আলাদা করা এবং শরিয়াহ অনুযায়ী তা নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ বলেন, সাধারণ ব্যাংক ও ইসলামিক পুরোপুরি সুদমুক্ত নয়। তবে আপনি যদি ব্যাংকেই লেনদেন করতে হয় তাহলে ইসলামিক ব্যাংকেই লেনদেন করেন। কারণ বাংলাদেশে ব্যাংকিং খাতে লেনদেনের ক্ষেত্রে সুদ হারাম বিষয়টি প্রতিষ্টিত করেছে ইসলামিক ব্যাংকগুলো। তাই বাধ্য হলে ইসলামিক ব্যাংকে লেনদেন করেন।




















