অনলাইন ১৭ জুলাই ২০২৬
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):-
লালমনিরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নজীর’ (নতুন জীবন রচি)-এর চলমান বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। ১৭ জুলাই ২০২৬ সকাল ১১ ঘটিকা নজীর এনজিও পরিদর্শনকালে তিনি সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সহায়তামূলক সামগ্রী বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে ১৫০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা, ২০টি ছাগল, ৫টি হুইলচেয়ার ও ১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মামুনুর, নজীর-এর নির্বাহী পরিচালক নার্গিস পারভিন, সংস্থার উপদেষ্টা নুরুল হক সরকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান নজীর-এর এই মানবিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গাছ বিতরণ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ছাগল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারবে।” তিনি আগামীতেও নজীর-এর এই কল্যাণমুখী ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সংস্থার নির্বাহী পরিচালক নার্গিস পারভিন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “নজীর সব সময় মানুষের মৌলিক চাহিদা ও স্বাবলম্বী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রশাসনের এই উপস্থিতি ও সহযোগিতা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।”
চারা গাছ, ছাগল ও হুইলচেয়ার পেয়ে এলাকার সুবিধাভোগী মানুষেরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার)





















