
অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার সঙ্গে দেশে এমন কেউ আসবে, যা দেখে বিএনপি-জামায়াত কাঁপবে:সামাজিক মাধ্যমে সাবেক এমপি শিবলী সাদিকের বক্তব্য নিয়ে তোলপাড়!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর এই বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বক্তব্যে সাবেক এমপি শিবলী সাদিক দাবি করেন, ‘জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে এমন কেউ আসবে, যা দেখে জামাত-বিএনপি কাঁপবে।’
রাজনৈতিক দলবদলের প্রেক্ষাপটে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও পদবঞ্চিত নেতাকর্মীদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে যখন দেশজুড়ে নানা জল্পনা চলছে, ঠিক তখনই তাঁর এমন মন্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নেন। এরপর থেকেই দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের বেশিরভাগ নেতা-এমপি আত্মগোপনে চলে যান অথবা বিদেশে পাড়ি জমান।
দীর্ঘ সময় ধরে দলটির শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য কর্মসূচি না থাকলেও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে নানা ধরণের বার্তা দিচ্ছেন দলটির নেতারা। শিবলী সাদিকের এই বক্তব্যকেও তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখার তেমনই একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকে।
এদিকে, সাবেক এই এমপির বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক ও প্রতিপক্ষ দলগুলোর নেতাকর্মীদের মধ্যেও নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের অনেকে এই মন্তব্যকে নিছক আত্মতুষ্টি এবং সমর্থকদের আশ্বস্ত করার জন্য দেওয়া অবাস্তব হুংকার হিসেবে আখ্যায়িত করছেন। অন্যদিকে, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের অনেকে এই বার্তা শেয়ার করে দলটির শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করছেন।
সাবেক এমপি শিবলী সাদিকের নামে ছড়িয়ে পড়া এই রহস্যজনক বক্তব্য মূলত কোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ চমকের ইঙ্গিত, নাকি রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে কর্মীদের চাঙা রাখার একটি মনস্তাত্ত্বিক প্রচারণা—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানামুখী কৌতূহল।
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















