
–অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬
৫০টি প্রাইভেট জেটের বহর নিয়ে ফিরবেন শেখ হাসিনা: সামাজিক মাধ্যমে চাঞ্চল্যকর দাবি ঘিরে আলোচনা!
অনলাইন ডেস্ক:-
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চমকপ্রদ ও চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে।
ফেসবুকের বিভিন্ন পোস্ট ও পেজে দাবি করা হচ্ছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে তাঁকে বহনকারী বিশেষ বিমানের সঙ্গে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন অর্ধশত প্রাইভেট জেটের এক বিশাল বহর।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টে আওয়ামী লীগের কথিত সূত্রের বরাতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক এই প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বহরে আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাও অংশ নেবেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই প্রত্যাবর্তনের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বলেও ভার্চুয়াল মাধ্যমে জোর প্রচারণা চালানো হচ্ছে।
পোস্টে আরও দাবি করা হয়, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই বিশেষ বহরে শেখ হাসিনার সঙ্গী হয়ে দেশে ফিরবেন। তৃণমূল কর্মীদের উজ্জীবিত রাখতে এই ধরনের প্রচারণাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, বর্তমান বাস্তবতায় এমন দাবি সম্পূর্ণ অবাস্তব ও সামাজিক মাধ্যমের মনস্তাত্ত্বিক প্রচারণার অংশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা এবং দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এমন বিশাল বহর নিয়ে প্রত্যাবর্তনের দাবিকে নিছক ভার্চুয়াল গুঞ্জন হিসেবেই দেখছেন সচেতন মহল।
– মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















